কেনিয়ায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় গত এক সপ্তাহে অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এক সপ্তাহ আগে প্রকাশিত সর্বশেষ হিসাবে মৃতের সংখ্যা ছিল ৪২। এ খবর দিয়েছে বিবিসি।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। রাজধানী নাইরোবিতে পানির স্তর দ্রুত বাড়তে থাকায় একটি মিনিবাস পানিতে আটকে পড়ে। পরে উদ্ধারকারীরা সেখান থেকে ১১ জনকে উদ্ধার করেন। একই রাতে পানিতে প্লাবিত একটি বাড়ি থেকে দুই শিশুকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কেনিয়া রেড ক্রস।
গত সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোতে খুব কমই দেখা গেছে। অনেক নদীর পানি তীর ছাপিয়ে আশপাশের এলাকায় ঢুকে পড়েছে। এতে অসংখ্য বাড়িঘর প্লাবিত হয়েছে এবং সড়ক, বিদ্যুৎ ও পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, দেশের বিভিন্ন অঞ্চলে এখনও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, ফলে বন্যার ঝুঁকি আরও বাড়ছে। কর্তৃপক্ষ নিম্নাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে দুই হাজারের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বিধ্বংসী বন্যার কারণে দেশের বিভিন্ন এলাকায় এখনও উদ্ধার তৎপরতা চলছে।
মৃতদের মধ্যে অর্ধেকের বেশি, অর্থাৎ ৩৩ জনের মৃত্যু হয়েছে রাজধানীর বাসিন্দা। বিশেষজ্ঞদের মতে, শহরটির দুর্বল ড্রেনেজ ব্যবস্থা এবং অপরিকল্পিত উন্নয়নের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়াও বন্যা পরিস্থিতি আরও খারাপ করে তুলেছে।


