পাঁচ গোল খেয়ে উত্তর কোরিয়ার কাছে হারল বাংলাদেশ

আগের ম্যাচে চীনের কাছে ২-০ গোলে হারলেও, পারফরম্যান্সে মুগ্ধ করেছিল বাংলাদেশ। কিন্তু উত্তর কোরিয়ার বিপক্ষে আজ সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশের মেয়েরা। হেরেছে ৫-০ গোলের বড় ব্যবধানে। উত্তর কোরিয়ার হয়ে জোড়া গোল করেছেন কিম কিয়ং-ইয়ং। আর একটি করে গোল করেছেন মিয়ং ইউ-ঝং, চায়ে উন-ইয়ং এবং কিম হায়ে-ইয়ং।

রক্ষণে কিছু চমক না দেখালে এবং মিলি আক্তার পোস্টের নিচে অতিমানবীয় কিছু সেইভ না করলে এই ব্যবধান আরও বড় হতে পারত। বিশেষ করে মিলির কথা আলাদা করে বলতেই হয়। চীনের বিপক্ষে আলো ছড়ানো মিলি পোস্টের নিচে আজকেও অসাধারণ কিছু সেইভ করেছেন। পরিসংখ্যান বলছে এই ম্যাচে মিলি ৫ গোল খেয়েছেন, বিপরীতে অন্তত ৫টি গোল সেইভও করেছেন। এ ছাড়া অসংখ্যবার উত্তর কোরিয়ার আক্রমণের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে দলকে বাঁচিয়েছেন তিনি।

সিডনিতে আজ মাঝমাঠ ও আক্রমণভাগে বাংলাদেশের কোনো অবস্থানই ছিল না। ঠিকঠাকভাবে বলের নিয়ন্ত্রণই নিতে পারেননি ঋতুপর্ণা-মারিয়ারা। ম্যাচে উত্তর কোরিয়ার দখলে বল ছিল ৬৫.৩ শতাংশ, আর বাংলাদেশের দখলে বল ছিল ৩৪.৭ শতাংশ। এমনকি পুরো ৯০ মিনিট ধরে শট নেওয়া দূরে থাক, বলার মতো কোনো আক্রমণেই যেতে পারেনি বাংলাদেশের মেয়েরা। যার ফলে রক্ষণের ওপর চাপ বেড়েছে এবং একের পর এক গোলও হজম করতে হয়েছে। এই ম্যাচে উত্তর কোরিয়া শট নিয়েছে ৩১টি, যার মধ্যে ১১টিই ছিল লক্ষ্যে।

পার্থে আগামী ৯ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 4   +   9   =