রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক অনুষ্ঠানে মোটরসাইকেল আরোহী অজ্ঞাত দুর্বৃত্তদের হামলা ও মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি প্রাথমিক বিদ্যালয় মাঠে রূপগঞ্জ উপজেলা এনসিপি আয়োজিত ‘ফল উৎসব’ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। হামলায় উপজেলা যুব শক্তির যুগ্ম সদস্য সচিব আল ফারাবিসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, “শেখ হাসিনার মতো গুন্ডাদের আমরা মোকাবেলা করেছি। আর কোনো গুন্ডা আমাদের ভয় দেখাতে পারবে না। আমাকে বলা হয়েছিল এখানে আসলে জীবনের ঝুঁকি হতে পারে, কিন্তু আমি বলেছি—মৃত্যু হলেও আমি আসব। আমার ভাইদের ওপর হওয়া এই হামলার বিচার না হলে আগামীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে এর জবাব চাওয়া হবে।”

শনিবার বিকেলে অনুষ্ঠিত এই সভায় বর্তমান সরকারের সমালোচনা করে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, “নির্বাচনে জয়ের জন্য সরকার নির্বাচনের আগে ‘হ্যাঁ’ ভোটের জন্য বিভিন্ন জনসভায় জনগণকে অনুরোধ করেছিল। কিন্তু ৭৫ শতাংশ হ্যাঁ ভোটের পর তারা পল্টি দিয়েছে। এই সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।”

সীমান্ত ও জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “ভারতীয় গেরুয়া দল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটাতে লাখ লাখ ইন্ডিয়ান মুসলমান জড়ো করেছে। কিন্তু আমাদের বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) শক্তিশালী করা হচ্ছে না।” সাবেক আওয়ামী লীগ নেতাদের বিচার প্রসঙ্গে তিনি যোগ করেন, “বলেছিলাম নিজের জীবন দিয়ে হলেও আওয়ামী লীগের বিচার করব, কিন্তু নারায়ণগঞ্জের এক নম্বর গডফাদার আইভিকে তারা মুক্তি দিয়েছে।”

রূপগঞ্জের স্থানীয় সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “আমি রূপগঞ্জের প্রেমে পড়ে গেছি। কিন্তু জানতে পারলাম এই রূপগঞ্জ মাদক কারবার, সন্ত্রাসী ও ভূমিদস্যুতায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। আমি কথা দিচ্ছি, এনসিপি আগামী দিনে ক্ষমতায় এলে রূপগঞ্জে এই ধরনের কোনো সমস্যা আর থাকবে না।”

উপজেলা এনসিপি নেতা ইউছুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দলটির নেতা আকাশ আহমেদ, রিদিম আহমেদ এবং নারায়ণগঞ্জ দপ্তর সেলের সাখাওয়াত হোসেন তারেকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 10   +   1   =