বিনোদন প্রতিবেদক, দৈনিক পূর্বাচল
সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পান ডি এ তায়েব— এমন খবরে আক্ষেপ প্রকাশ করে নিজের প্রেমের অভিজ্ঞতা জানালেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।
ঢাকা: সপ্তাহে অন্তত ৪০টি প্রেমের প্রস্তাব পান জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব— সম্প্রতি এক সাক্ষাৎকারে দেওয়া তার এমন মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় এখন চর্চা তুঙ্গে। সেই আলোচনার জের ধরে এবার নিজের প্রেমের অভিজ্ঞতা ও আক্ষেপ প্রকাশ করে এক মজার পোস্ট দিয়েছেন অভিনেতা ও সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়।
ডি এ তায়েবের বক্তব্য সম্বলিত একটি ফটোকার্ড নিজের ফেসবুকে শেয়ার করে জয় লিখেছেন, “তায়েব ভাই সপ্তাহে ৪০টি প্রেমের প্রস্তাব পান। আর আমি গত ৪০ বছরে একটি প্রেমের প্রস্তাবও পাইনি। তবে দিয়েছি অনেক।”
শারীয়ার নাজিম জয়ের এই মন্তব্যে একদিকে যেমন রসিকতার ছোঁয়া রয়েছে, তেমনি কিছুটা অভিমানও ঝরে পড়েছে। ভবিষ্যতে আর কাউকে প্রেমের প্রস্তাব না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে তিনি আরও লেখেন, “ভবিষ্যতে আর প্রস্তাব পাব না কখনোই, এটা আমি জানি। মনস্থির করেছি আর প্রস্তাব দেবও না। অবহেলার এবং অপমানের একটা শেষ তো হওয়া উচিত। ওরা তায়েব ভাইকে নিয়ে খুশি থাকুক।”
জয়ের এই মন্তব্য কি শুধুই নিছক রসিকতা নাকি এর পেছনে কোনো ব্যক্তিগত অম্ল-মধুর অভিজ্ঞতা রয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি এই অভিনেতা। তবে তাঁর এই পোস্ট ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে বেশ কৌতুহল ও হাসির খোরাক জুগিয়েছে।


