আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক পূর্বাচল:
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে ভুয়া ভিডিও ও কণ্ঠ নকল করে প্রতারণা করা ইসলামে সম্পূর্ণ হারাম ঘোষণা করেছেন মসজিদুল হারামের প্রধান ইমাম শায়খ আবদুর রহমান আস-সুদাইস। পড়ুন বিস্তারিত।
মানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও নির্মাণ এবং কণ্ঠ নকল করাকে ইসলামে সম্পূর্ণ হারাম ও কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন মক্কা নগরীর পবিত্র গ্র্যান্ড মসজিদের (মসজিদুল হারাম) প্রধান ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। আধুনিক প্রযুক্তির যুগে মুসলিম উম্মাহকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি এই সতর্কবার্তা দেন।
রোববার এক বিশেষ বার্তায় পবিত্র হারামাইন শরিফাইনের সভাপতি শায়খ সুদাইস বলেন, ভুয়া তথ্য ছড়ানো, ভিডিও জালিয়াতি এবং কোনো ব্যক্তির কণ্ঠ নকলের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি ইসলামী শরিয়াহ অনুযায়ী ভয়াবহ মিথ্যাচার ও কবিরা গুনাহের অন্তর্ভুক্ত।
অন্যকে প্রতারিত করতে কারো ছদ্মবেশ ধারণ করা, কিংবা কারো নাম ভাঙিয়ে মিথ্যা বক্তব্য ছড়িয়ে দেওয়া সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, “প্রযুক্তি দিয়ে সত্যকে ঢেকে দেওয়া কিংবা কারো ওপর অসত্য আরোপ করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ।”
তবে এআই বা আধুনিক প্রযুক্তির সরাসরি বিরোধিতা করেননি শায়খ সুদাইস। প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমকে মহান আল্লাহর অন্যতম নেয়ামত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এই প্রযুক্তিগুলোকে কল্যাণকর, শিক্ষণীয় এবং জনকল্যাণমূলক কাজে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করা উচিত।”
সোশ্যাল মিডিয়ায় তথ্য শেয়ারের ক্ষেত্রে অধিক সতর্কতার পরামর্শ দিয়ে হারামাইনের প্রধান খতিব সতর্ক করেন, যাচাই-বাছাই ছাড়া তথ্য ছড়িয়ে দেওয়া সমাজের ভেতর গুজব উসকে দেয়, পারস্পরিক সুসম্পর্ক নষ্ট করে, মানুষের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন করে এবং জনসাধারণের পারস্পরিক ট্রাস্ট বা বিশ্বাস ভেঙে দেয়।
(তথ্যসূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন)


