আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক পূর্বাচল
পূর্ব লন্ডনের রমফোর্ডে এনসিপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সব বাংলাদেশিকে যুক্তরাজ্য থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন ব্রিটিশ এমপি রুপার্ট লো। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতাকর্মীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য (এমপি) রুপার্ট লো। ব্রিটেনের মাটিতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল ও সংঘাতের জেরে তিনি দেশটিতে বসবাসরত সব বাংলাদেশিকে বের করে দেওয়ার মতো কঠোর দাবি তুলেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নিজের এই ক্ষুব্ধ অবস্থানের কথা জানান ব্রিটিশ এই আইনপ্রণেতা। পোস্টে রমফোর্ডের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, এনসিপি এবং তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগের মধ্যকার এক উদ্ভট রাজনৈতিক বিরোধের জেরে রমফোর্ডের রাজপথে বাংলাদেশিরা সংঘর্ষে জড়িয়েছেন।
ঘটনাটিতে চরম বিরক্তি প্রকাশ করে রুপার্ট লো আরও লেখেন, এই রাজনৈতিক বিরোধের প্রকৃত অর্থ কী, তা কারও জানা নেই। বাংলাদেশ বা এসব বাংলাদেশিদের নিয়ে তার কোনো মাথাব্যথা নেই উল্লেখ করে তিনি সরাসরি সবাইকে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করার দাবি জানান। ব্রিটেনের রাজপথে প্রবাসী রাজনৈতিক দলগুলোর এমন সংঘাতময় পরিস্থিতি নিয়ে স্থানীয় রাজনীতিবিদদের মধ্যে বাড়তে থাকা অসন্তোষের বিষয়টি এই মন্তব্যের মাধ্যমে আরও স্পষ্ট হয়ে উঠেছে।


