দৈনিক পূর্বাচল
নিজস্ব প্রতিবেদক, রংপুর:
রংপুরের পীরগাছায় পারিবারিক কলহের জেরে বাবাকে ফল কাটার ছুরি দিয়ে হত্যার অভিযোগে হাসানুর রহমান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।
রংপুরের পীরগাছায় পারিবারিক কলহের জেরে বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে হাসানুর রহমান (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক। গ্রেপ্তারকৃত হাসানুর রহমান উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের উত্তর তাম্বুলপুর মাস্টারপাড়া গ্রামের মাহবুর রহমানের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জেরে হাসানুর তার মা হাসনা বেগমের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন এবং পরিবারের ওপর অভিমান করে ছিলেন। গত ২৫ সেপ্টেম্বর ছেলে ও মায়ের এই দূরত্ব ও রাগ ভাঙাতে তাদের একসঙ্গে ভাত খাওয়ার অনুরোধ জানান হাসানুরের শাশুড়ি মর্জিনা বেগম।
এ সময় তুচ্ছ বিষয় নিয়ে শাশুড়ির ওপরও মেজাজ হারিয়ে ফেলেন হাসানুর। একপর্যায়ে শাশুড়ির সামনেই তিনি তার মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। বিষয়টি দেখে তার বাবা মাহবুর রহমান এগিয়ে আসেন এবং ক্ষুব্ধ হয়ে হাতের কাছে থাকা বাঁশের খড়ি দিয়ে তাকে আঘাত ও থাপ্পড় দেন। এতে ক্ষিপ্ত হয়ে হাসানুর ঘরে থাকা ফল কাটার একটি ধারালো ছুরি দিয়ে তার বাবা মাহবুর রহমানের ডান কাঁধে সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ সেপ্টেম্বর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর নিহতের স্ত্রী ও অভিযুক্ত হাসানুরের মা হাসনা বেগম বাদী হয়ে ছেলের বিরুদ্ধে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন হাসানুর। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে পীরগাছা থানার ওসি সেলিম মালিক বলেন, “বাবারিক কলহের জেরে সংঘটিত এই হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছিলেন। গতকাল রাতে কৌশলে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।”


