রাজনীতি

চীনের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দৈনিক পূর্বাচল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

সচিবালয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতার পরিধি বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।

চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

সাক্ষাৎকালে বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফল অংশগ্রহণ এবং নিউইয়র্কের বিভিন্ন কর্মসূচি অত্যন্ত সফলভাবে সম্পন্ন করায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এ সময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের চলমান উন্নয়ন প্রচেষ্টায় চীনের অংশীদারিত্ব ও সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও দৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। অন্যদিকে, চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে অংশ নেন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment