আন্তর্জাতিক

কুয়েতে বিপুল পরিমাণ মাদকসহ বাংলাদেশি প্রবাসী আটক, শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক:দৈনিক পূর্বাচল

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ থেকে যাওয়া এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে সে দেশের কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (২১ সেপ্টেম্বর) বিমানবন্দরের টার্মিনাল-৫-এ তল্লাশি চালিয়ে ওই প্রবাসীকে আটক করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম ‘আরব টাইমস’-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, আটক যাত্রীর লাগেজ ও প্রবাসে বহন করা সামগ্রী তল্লাশি করে ৪ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৩১৯.৩ গ্রাম মেথঅ্যামফিটামিন (আইস) এবং ৬ হাজার ২১১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে স্থানীয় মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কুয়েত সরকার মাদকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। দেশটির বিমানবন্দরসহ সব প্রবেশপথে মাদক চোরাচালান রোধে নিরাপত্তা ও তল্লাশি কার্যক্রম অত্যন্ত জোরদার করা হয়েছে। এর আগেও মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, বাংলাদেশ থেকে যাওয়া কোনো ফ্লাইটে এত বড় মাদকের চালান কীভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কঠোর স্ক্যানিং ও নিরাপত্তা বেষ্টনী পার হয়ে কুয়েতে পৌঁছাল, তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।

কুয়েত প্রবাসী সুমন চৌধুরী এ বিষয়ে বলেন, “শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো আন্তর্জাতিক মানের বিমানবন্দরের নিরাপত্তা ও তল্লাশি প্রক্রিয়া ফাঁকি দিয়ে এত বড় চালানের দেশের বাইরে চলে যাওয়া অত্যন্ত উদ্বেগের বিষয়। এ ঘটনার নেপথ্যে কোনো প্রভাবশালী চক্র বা বিমানবন্দরের অসাধু কর্মকর্তা জড়িত আছে কি না, তা উচ্চপর্যায়ে তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।”

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment