সালমান শাহ হত্যা মামলার আসামি অভিনেতা ডনের চার দিনের রিমান্ড শেষ হলেও তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তার মা নীলা চৌধুরী। রিমান্ডের স্বচ্ছতা ও অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি ও খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের চার দিনের রিমান্ড শেষ হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে এই রিমান্ডের কার্যকারিতা ও প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ ও প্রশ্ন তুলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাজ্য থেকে গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় নীলা চৌধুরী বলেন, ডনের রিমান্ডে নতুন কোনো তথ্য বা অগ্রগতি আসেনি। তার প্রশ্ন, রিমান্ড শেষে যদি কেবল দায়সারাভাবে জড়িত থাকার কথা বলা হয়, তবে তা কেমন অনুসন্ধান? ডনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মূল রহস্য অর্থাৎ কীভাবে সালমান শাহকে হত্যা করা হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা বের করার দাবি জানান তিনি।
রিমান্ডের মেয়াদ ও ডনের শারীরিক পরিস্থিতি নিয়েও সন্দেহ প্রকাশ করেন নীলা চৌধুরী। তিনি জানান, শুরুতে সাত দিনের রিমান্ডের কথা থাকলেও পরে পাঁচ দিন এবং শেষ পর্যন্ত চার দিন পরই তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়া রিমান্ড শেষে ডনের হাঁটার ভঙ্গি ও উৎফুল্ল প্রকাশভঙ্গি দেখে তাকে রিমান্ড ফেরত মনে হয়নি বলে মন্তব্য করেন তিনি। অসুস্থতার কারণে রিমান্ড কার্যক্রম ব্যাহত হওয়ার গুঞ্জন নিয়ে তিনি বলেন, দীর্ঘ ৩০ বছর আগের এই হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদঘাটনে আরও কঠোর ও স্বচ্ছ জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
তদন্তের অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নীলা চৌধুরী বলেন, মামলার বাদী হিসেবে তিনি বা তার পরিবারের সদস্যরা জিজ্ঞাসাবাদের সময় ভার্চ্যুয়ালি যুক্ত থাকতে চেয়েছিলেন, যা তদন্তে আরও সহায়ক হতো। এছাড়া একমাত্র ডন ছাড়া মামলার অন্য কোনো আসামিকে এখনো গ্রেপ্তার না করায় তিনি বিস্ময় প্রকাশ করেন। রিমান্ড, অসুস্থতা এবং ডনের কারাগার থেকে বের হওয়ার পুরো প্রক্রিয়াটিকে তিনি ‘রহস্যজনক’ ও হতাশাজনক বলে উল্লেখ করেছেন।


