দৈনিক পূর্বাচল
নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে অপহরণের পর হত্যার দায়ে মাসুম বিল্লাহ (২৯) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ একেএম রকিবুল হাসান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মানিক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত মাসুম বিল্লাহ পিরোজপুর জেলার নেছারাবাদ থানার বলদিয়া গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসী এলাকায় বসবাস করতেন। নিহত শিশু রিফাতও একই এলাকার স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল এবং সম্পর্কে আসামীর ভাতিজা (বাবার ফুফাতো ভাইয়ের ছেলে) হয়।
মামলার নথিসূত্রে জানা যায়, গত বছরের ৩০ মার্চ দুপুরে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় রিফাত। নিখোঁজের পর দিন ভোররাতে স্থানীয় একটি কারখানার পরিত্যক্ত ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে জানা যায়, অপহরণের পর শিশুটির মায়ের কাছে মুঠোফোনে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছিল মাসুম বিল্লাহ। মুক্তিপণের টাকা না পেয়ে সে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে।
ঘটনার কিছুদিন পর অভিযুক্ত মাসুম পিরোজপুর থানায় আত্মসমর্পণ করে এবং পরবর্তীতে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।


