বিনোদন প্রতিবেদক:দৈনিক পূর্বাচল/
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির বিয়ে নিয়ে বিনোদনপাড়ায় নতুন করে জল্পনা শুরু হয়েছে। গোপন সূত্রের বরাত দিয়ে গুঞ্জন উঠেছে, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চলেছেন ‘পোড়ামন-২’ খ্যাত এই নায়িকা।
তবে বিয়ের নির্দিষ্ট তারিখ নিয়ে আলোচনা চললেও বর কে কিংবা ভেন্যু কোথায়— এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি পূজা। বিষয়টি সম্পূর্ণ পরিবার ও ঘনিষ্ঠজনদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে।
এর আগে চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন, তিনি বিবাহবন্ধনে আবদ্ধ না হলেও ইতিমধ্যে ‘এনগেজড’ এবং তার হবু জীবনসঙ্গী শোবিজ অঙ্গনের বাইরের একজন। পরবর্তীতে আগস্টের দিকেও তার বিয়ের খবর ছড়িয়ে পড়লে তিনি তা গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন। তখন তিনি স্পষ্ট জানিয়েছিলেন, শুভ কাজটি সম্পন্ন হলে তা কাউকে লুকিয়ে করা হবে না।
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে ‘দহন’, ‘শান’ ও ‘গলুই’-এর মতো সফল চলচ্চিত্রে অভিনয় করে ঢাকাই সিনেমায় শক্ত অবস্থান তৈরি করেছেন পূজা চেরি। এখন দেখার বিষয়, ১৬ সেপ্টেম্বরের এই গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি রূপ নেয় কি না।


