অন্যান্য

অ্যাম্বুলেন্সের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত, এলাকাবাসীর ক্ষোভ/দৈনিক পূর্বাচল

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাহফুজা খাতুন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। ডম্বলপুর এলাকার মর্মান্তিক এই সংবাদটি বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দ্রুতগতির অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোছাঃ মাহফুজা খাতুন (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের ডম্বলপুর ক্যানেলের ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজা খাতুন আলমডাঙ্গা উপজেলার ডাউকী ইউনিয়নের মাজু গ্রামের মো. মামুন আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে মাহফুজা তার মায়ের সঙ্গে ডম্বলপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন সকালে বাড়ির কাছেই খেলাধুলা করছিল সে। একপর্যায়ে রাস্তা পার হয়ে ক্যানেলের অপর পাশে ছিন্নি খেতে যায়। পরে ছিন্নি খেয়ে নানাবাড়িতে ফেরার পথে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়ক পার হওয়ার সময় কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে সজোরে ধাক্কা দেয়।

অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশুটি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ননানাবাড়িতে বেড়াতে এসে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শিশুটির মৃত্যুতে ডম্বলপুর ও এর আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।

এলাকাবাসীর অভিযোগ, আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের ডম্বলপুর অংশে দূরপাল্লার যানবাহনগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে। এর ফলে শিশু ও পথচারীদের রাস্তা পারাপারে নিত্যদিন চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ছোট্ট শিশু মাহফুজার মৃত্যুর পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত এই সড়কে গতিরোধক (স্পিডব্রেকার) স্থাপন, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং পথচারীদের পারাপারে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment