খেলা

নেপালকে উড়িয়ে বাংলাদেশের শুভসূচনা

টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম ম্যাচে নেপাল ‘এ’ দলকে ৯ উইকেটে হারিয়ে দুর্দান্ত এক শুরু করেছে বাংলাদেশ এইচপি। জিসান আলমের ঝড়ো ফিফটিতে নেপালের দেওয়া ৯৯ রানের টার্গেট হেসে খেলে টপকে যায় বাংলাদেশ।

শনিবার (২২ আগস্ট) টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে নেপাল ‘এ’। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ২০ ওভার ব্যাট করেও ৯ উইকেটে ৯৯ রানের বেশি করতে পারেনি নেপাল।

নেপালের হয়ে সর্বোচ্চ রান এসেছে ওপেনার কুশল ভুরটেলের ব্যাট থেকে। ৪০ বলে ৪৬ রান করেন তিনি। তবে তার পর আর কোনো ব্যাটসম্যান ইনিংস বড় করতে পারেননি। বাংলাদেশের বোলারদের আঁটসাঁট বোলিংয়ের সামনে নেপালের ব্যাটিং লাইনআপ পুরো ইনিংসজুড়েই ছিল চাপে।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ রুবেল। ৪ উইকেট নিয়েছেন তিনি। রোহনতদৌলা বর্ষণ, রিপন মণ্ডল ও সামিউন বশির রাতুল পেয়েছেন একটি করে উইকেট। বোলারদের সম্মিলিত পারফরম্যান্সেই নেপালকে এক শর মধ্যে আটকে রাখে এইচপি।

১০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশও শুরুতে একটি উইকেট হারায়। হাবিবুর রহমান সোহান ৬ বলে ৭ রান করে ফিরে যান। তবে এরপর নেপালের বোলারদের ওপর চড়াও হন জিসান আলম ও আরিফুল ইসলাম।

জিসান শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। দ্রুত রান তুলতে থাকা এই ব্যাটসম্যান মাত্র ২৯ বলেই ফিফটি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ২৯ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল আগ্রাসী শটের প্রদর্শন।

অন্য প্রান্তে জিসানকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন আরিফুল ইসলাম। ২৭ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। দুজনের ব্যাটিংয়ে নেপাল ‘এ’ দলের বোলাররা ম্যাচে আর কোনো চাপ তৈরি করতে পারেননি।

শেষ পর্যন্ত ৫৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ এইচপি। ৯ উইকেটের এই জয় দিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের অভিযান শুরু করল তারা। ব্যাটিংয়ে জিসানের ঝোড়ো ইনিংসের পাশাপাশি ম্যাচে বাংলাদেশের বড় প্রাপ্তি ছিল বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্স।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment