দৈনিক পূর্বাচল ক্রীড়া ডেস্ক/প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ |
বাংলাদেশে আন্তর্জাতিক মানের ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম চালু এবং ‘এএফএ ইন্টারন্যাশনাল ফুটবল একাডেমি’ প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছে আর্জেন্টিনা। এই পরিকল্পনার অংশ হিসেবে গতকাল শনিবার দুপুরে বৃষ্টির মধ্যেই ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে দেশটির তিন সদস্যের একটি প্রতিনিধিদল।
প্রতিনিধিদলে ছিলেন এএফএ ইন্টারন্যাশনালের কমার্শিয়াল ডিরেক্টর মারিও মার্টিন তুলা, মেথডোলজি কো-অর্ডিনেটর নিকোলাস এবং ভারতে অবস্থিত এএফএ একাডেমির কোচ ও স্পোর্টস ম্যানেজার অ্যালেক্স। এশিয়া সফরের অংশ হিসেবে ভারত হয়ে ঢাকায় আসা এই দলটি আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের অকৃত্রিম ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।
পরিদর্শন শেষে মারিও মার্টিন তুলা জানান, স্থানীয় ফুটবল ফেডারেশন ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী তারা। তবে একাডেমি গড়ার বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তা স্থানীয় বিনিয়োগকারীদের আগ্রহের ওপর নির্ভর করছে। জাতীয় স্টেডিয়ামের আধুনিক সুযোগ-সুবিধায় সন্তোষ প্রকাশ করে তিনি উল্লেখ করেন, এখানে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় আসরের ফাইনাল আয়োজনের সক্ষমতা রয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম জানান, সফররত প্রতিনিধিদল ঢাকায় একটি সেমিনারে অংশ নেওয়ার পাশাপাশি একটি ফুটবল ক্লিনিক পরিচালনা করবে।
প্রতিবেদক: সোহেল হাওলাদার, নির্বাহী সম্পাদক, দৈনিক পূর্বাচল (www.dailypurbachal.com)


