জীবননগর ( চুয়াডাঙ্গা) প্রতিনিধি :
চুয়াডাঙ্গা জেলায় মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযানে আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ১১৯ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে রোববার (৫ জুলাই) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিঃ) মো. তোরগুল হাসান সোহাগ, এএসআই (নিঃ) মো. ফজলুল করিম এবং সঙ্গীয় ফোর্স আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে দুর্লভপুর পূর্বপাড়ার বাসিন্দা মো. তাহের (৫৫)-এর নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ১১৯ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার সর্বত্র এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে। মাদক কারবারি ও চোরাচালানিদের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে

