নিজস্ব প্রতিবেদক: সোহেল হাওলাদার, নির্বাহী সম্পাদক | দৈনিক পূর্বাচল
ইআরডির গবেষণায় উঠে এসেছে দেশের কারিগরি শিক্ষার নাজুক চিত্র। শিক্ষকসংকট, পুরোনো যন্ত্রপাতি ও বাজেট স্বল্পতায় প্রশিক্ষণ শেষে ৩৫ শতাংশ শিক্ষার্থী বেকার থাকছেন। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচল-এ।
দেশের শিল্প ও শ্রমবাজারের উপযোগী দক্ষ জনবল গড়ে তোলার প্রধান কারিগর হিসেবে ধরা হয় কারিগরি শিক্ষাকে। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। এ খাত থেকে প্রশিক্ষণ শেষ করা প্রতি তিনজন শিক্ষার্থীর মধ্যে একজনেরও বেশি কর্মহীন থাকছেন। একই সঙ্গে আশঙ্কাজনক হারে কমছে শিক্ষার্থী ভর্তির সংখ্যা এবং বাড়ছে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়ার (ঝরে পড়া) প্রবণতা। তীব্র শিক্ষকসংকট, পর্যাপ্ত অর্থ বরাদ্দের অভাব এবং সেকেলে প্রশিক্ষণ সরঞ্জামের কারণে মানসম্মত ও ব্যবহারিক শিক্ষা মুখ থুবড়ে পড়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ‘টেকসই উত্তরণ প্রকল্প’-এর অধীনে পরিচালিত ‘এ কমপ্রিহেনসিভ স্টাডি অন টিভেট স্কিলস ম্যাপিং’ শীর্ষক এক সাম্প্রতিক গবেষণায় কারিগরি শিক্ষার এই নাজুক চিত্র উঠে এসেছে।
কমছে শিক্ষার্থী, বাড়ছে ঝরে পড়ার হার
গবেষণা প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, মাত্র পাঁচ বছরের ব্যবধানে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী কমেছে ১৪ দশমিক ৬ শতাংশ। ২০১৯-২০ শিক্ষাবর্ষে এসএসসি, এইচএসসি ও ডিপ্লোমা পর্যায়ে মোট শিক্ষার্থী ছিল ৪ লাখ ৮৮ হাজার ৫৫২ জন, যা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নেমে এসেছে ৪ লাখ ১৭ হাজার ৩৫৬ জনে। অর্থাৎ শিক্ষার্থী কমেছে ৭১ হাজার ১৯৬ জন। এর মধ্যে সবচেয়ে বড় ধস নেমেছে এইচএসসি ভোকেশনাল পর্যায়ে; যেখানে ২ লাখ ৬ হাজারের বেশি শিক্ষার্থী কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজারে।
ভর্তির পর পড়াশোনা শেষ করতে না পারার হারও উদ্বেগজনক। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, এইচএসসি ভোকেশনালে ঝরে পড়ার হার ৪৪ দশমিক ৫৭ শতাংশ, যা সাধারণ এইচএসসির (১৯.৪%) তুলনায় দ্বিগুণেরও বেশি। এছাড়া এসএসসি ভোকেশনালে ২৯ শতাংশ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ৭ দশমিক ৬৮ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ছে। এর পেছনে শিক্ষার্থীদের পারিবারিক আর্থিক অসচ্ছলতাকেই প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ভয়াবহ শিক্ষকসংকট ও অনুপাতের অসামঞ্জস্য
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান ও ব্যবহারিক প্রশিক্ষণ ব্যাহত হওয়ার অন্যতম প্রধান কারণ শিক্ষকসংকট। ২০২১ সালে কারিগরি অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক পদ শূন্য ছিল ৪১ দশমিক ৬৪ শতাংশ, যা মাত্র এক বছরের ব্যবধানে ২০২২ সালে বেড়ে দাঁড়ায় ৮১ দশমিক ৫৫ শতাংশে।
বর্তমানে ৫০টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে দেড় লক্ষাধিক শিক্ষার্থীর বিপরীতে নিয়মিত শিক্ষক আছেন মাত্র ১ হাজার ৪২৬ জন। অর্থাৎ প্রতি ১০৮ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র একজন। অন্যদিকে, ১০৭টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৬৩। গড়ে প্রতি ৮৯ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন একজন, যেখানে আন্তর্জাতিক মানদণ্ড হলো ১:১৫।
বাজেট বৈষম্য ও অপ্রতুল ব্যয়
অর্থায়নের ক্ষেত্রেও চরম অবহেলার শিকার কারিগরি খাত। ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল দেশের মোট জিডিপির ০.১ শতাংশেরও কম। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মোট বাজেটের ৬০ শতাংশ মাদ্রাসা শিক্ষায় এবং বাকি ৪০ শতাংশ কারিগরি শিক্ষায় ব্যয় হয়। এর মধ্যে সরকারি পলিটেকনিক ও টেকনিক্যাল স্কুল-কলেজগুলোর জন্য সরাসরি বরাদ্দ থাকে মাত্র ১০ শতাংশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চের তথ্যমতে, সরকারি পলিটেকনিকে একজন শিক্ষার্থীর পেছনে বছরে ব্যয় হয় মাত্র ২৭ হাজার ৯১১ টাকা। অথচ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এ ব্যয় ৩ লাখ ১৪ হাজার ৪৭৮ টাকা—যা পলিটেকনিকের তুলনায় প্রায় ১১ গুণ বেশি।
সেকেলে যন্ত্রপাতি ও কর্মসংস্থানের বাধা
১১৯ জন কারিগরি স্নাতকের ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, ৬৫ শতাংশ কর্মসংস্থানে যুক্ত হতে পারলেও ৩৫ শতাংশই বেকার। চাকরিপ্রাপ্তদের মাত্র ৩ শতাংশ স্বনিয়োজিত (উদ্যোক্তা)। কর্মহীনদের ৮১ শতাংশ জানিয়েছেন, বর্তমান চাকরির বাজারের চাহিদার সঙ্গে তাদের অর্জিত দক্ষতার কোনো মিল নেই। এছাড়া ৫৫ শতাংশ স্নাতক পুরোনো আমলের যন্ত্রপাতি দিয়ে প্রশিক্ষণ নেওয়াকে কর্মসংস্থানের প্রধান অন্তরায় বলে মনে করেন।
প্রতিষ্ঠানপ্রধানদের ৭০ শতাংশ পর্যাপ্ত ল্যাব ও ওয়ার্কশপের অভাবের কথা স্বীকার করেছেন। অন্যদিকে ৯০ শতাংশ শিক্ষক মনে করেন, শিল্প খাতের আধুনিক চাহিদার সাথে তাল মেলাতে দ্রুত পাঠ্যক্রম সংস্কার করা জরুরি।
বিশেষজ্ঞদের সুপারিশ
গবেষণায় কেবল অবকাঠামো বা আসনসংখ্যা না বাড়িয়ে গুণগত মানোন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে। দ্রুত শূন্য পদে দক্ষ শিক্ষক নিয়োগ, আধুনিক ল্যাব স্থাপন, শিক্ষার্থীদের আর্থিক বৃত্তি প্রদান এবং শিল্পপ্রতিষ্ঠানের সাথে শিক্ষাপ্রতিষ্ঠানের সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমেই কেবল এই খাতের সংকট কাটানো সম্ভব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


