স্বাস্থ্য ডেক্স (দৈনিক পূর্বাচল):
দাঁত ব্রাশ বা খাবার খাওয়ার সময় মাড়ি থেকে রক্ত পড়া মোটেও স্বাভাবিক নয়। দীর্ঘদিন এ সমস্যা থাকলে দেখা দিতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। জানুন বিস্তারিত।
দাঁত ব্রাশ করা বা শক্ত কোনো খাবার খাওয়ার সময় মাড়ি থেকে রক্ত পড়ার অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। অসচেতনতার কারণে অনেকেই এই বিষয়টিকে বেশ স্বাভাবিক মনে করে এড়িয়ে যান। তবে বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ মাড়ি থেকে সহজে কখনোই রক্ত পড়ে না। তাই দীর্ঘদিন ধরে যদি আপনার দাঁতের মাড়ি থেকে রক্তপাতের সমস্যা হতে থাকে, তবে একে কোনোভাবেই অবহেলা করা যাবে না।
মাড়ি থেকে রক্ত পড়ার প্রধান কারণসমূহ:
মাড়ি থেকে রক্ত পড়ার অন্যতম মূল কারণ হলো মুখগহ্বর নিয়মিত ও সঠিকভাবে পরিষ্কার না রাখা। এর ফলে দাঁতের চারপাশে প্লাক (Plaque) ও ক্যালকুলাস (Calculus) জমে মাড়িতে প্রদাহ তৈরি হয়।
এছাড়াও অন্যান্য যেসব কারণে মাড়ি থেকে রক্ত পড়তে পারে:
-
শক্ত ব্রিসলের ব্রাশ দিয়ে অতিরিক্ত জোরে দাঁত ব্রাশ করা।
-
মিষ্টি ও আঠালো জাতীয় খাবার বেশি খাওয়া।
-
শরীরে ভিটামিনের ঘাটতি থাকা।
-
তামাকজাত দ্রব্য গ্রহণ বা ধূমপান করা।
-
দীর্ঘমেয়াদে রক্ত পাতলা করার ওষুধ সেবন বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া।
-
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং মাড়িতে অন্যান্য ব্যাকটেরিয়াল ইনফেকশন।
-
এছাড়া হিমোফিলিয়া, লিউকেমিয়া বা থ্রোম্বোসাইটপেনিয়ার মতো জটিল ব্লিডিং ডিজঅর্ডার থাকলে তার অন্যতম প্রাথমিক লক্ষণ হিসেবে মাড়ি থেকে রক্ত পড়তে পারে।
অবহেলা করলে যেসব ঝুঁকি বাড়ে:
অনেকেই ডেন্টিস্টের কাছে না গিয়ে কেবল ঘরোয়া টোটকা বা সাময়িক মাউথওয়াশ ব্যবহার করে রোগ চেপে রাখার চেষ্টা করেন। সময়মতো সঠিক চিকিৎসা না নিলে মাড়ি ফুলে যাওয়া, লাল হওয়া, মুখে তীব্র দুর্গন্ধ তৈরি হওয়া, দাঁতের ফাঁকে খাবার আটকে থাকা এবং মাড়ি থেকে পুঁজ পড়ার মতো জটিলতা তৈরি হয়।
দীর্ঘদিন এ সমস্যা অবহেলিত থাকলে দাঁতকে ধরে রাখা হাড় ও মাড়ির টিস্যু চিরতরে ক্ষতিগ্রস্ত হয়। ফলে সুস্থ দাঁতও ধীরে ধীরে নড়বড়ে হয়ে পড়ে যাওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়।
চিকিৎসকের পরামর্শ:
মাড়ি থেকে রক্তপাত হলে নিজে নিজে বানিয়ে ওষুধ খাওয়া বা মাউথওয়াশ দিয়ে ঢেকে রাখার চেষ্টা না করে শুরুতেই একজন অভিজ্ঞ ডেন্টিস্টের শরণাপন্ন হওয়া জরুরি। প্রাথমিক অবস্থায় স্কেলিং ও সঠিক চিকিৎসার মাধ্যমে এই সমস্যা পুরোপুরি নিরাময় সম্ভব।


