আন্তর্জাতিক ডেক্স (দৈনিক পূর্বাচল):
দিল্লিতে শিক্ষার্থী গ্রেপ্তার ও তিরঙ্গা মিছিলে পুলিশের বাধার ঘটনায় মোদি সরকারের সমালোচনা করলেন অভিনেতা প্রকাশ রাজ। কেরালায় অনুষ্ঠিত সমাবেশে তুলেছেন একাধিক দাবি।
দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশি পদক্ষেপ, গণগ্রেপ্তার এবং তেরঙা (তিরঙ্গা) মিছিলে বাধার ঘটনায় ভারতের নরেন্দ্র মোদি সরকারের কঠোর সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রখ্যাত অভিনেতা ও রাজনৈতিক বিশ্লেষক প্রকাশ রাজ। নরেন্দ্র মোদির বহুল প্রচারিত ‘ঘরে ঘরে তিরঙ্গা’ স্লোগানকে তির্যক কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, দেশের তরুণ প্রজন্ম যখন শান্তিপূণভাবে প্রতিবাদ জানাচ্ছে, তখন কেন তাদের এভাবে দমিয়ে রাখা হচ্ছে?
শুক্রবার ভারতের কেরালায় আয়োজিত এক গণসমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রকাশ রাজ। সমাবেশ থেকে তিনি ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং বর্তমান ভোটার তালিকা সংশোধনেরও জোর দাবি জানান।
প্রকাশ রাজ বলেন, “যে তরুণরা জাতীয় পতাকা হাতে প্রতিবাদ জানাচ্ছে, তাদের শান্তিপূণ আন্দোলনকে থামিয়ে দিয়ে আটক করার অর্থ হলো সরকার বাস্তবে কতটা ভীত। জনগণের স্বাধীন কণ্ঠস্বরকে স্তব্ধ করতেই এই ধরনের দমনপীড়ন চালানো হচ্ছে।”
বর্তমান সরকারের নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে এই অভিনেতা আরও বলেন, “গান্ধী, বি আর আম্বেদকর এবং ভগৎ সিংয়ের মতো মহান নেতাদের আদর্শ ও স্বাধীন চেতনায় অনুপ্রাণিত হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দেশব্যাপী এই গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।”


