বিনোদন

দীর্ঘ ৩ বছর পর পর্দায় ‘কিং’ শাহরুখ: জন্মদিনে আসছে টিজার, সাথে কারিনা/দৈনিক পূর্বাচল

দৈনিক পূর্বাচল

বিনোদন ডেস্ক:

‘পঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’র ইতিহাস গড়া সাফল্যের পর দীর্ঘ তিন বছরের বিরতি কাটিয়ে আবারও রুপালি পর্দা কাঁপাতে ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। তাঁর বহুল প্রতিক্ষীত নতুন অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের মধ্যে এখন তুমুল উন্মাদনা। আগামী ২ নভেম্বর শাহরুখ খানের ৬১তম জন্মদিন উপলক্ষে ভক্তদের উপহার হিসেবে সিনেমাটির প্রথম অফিসিয়াল টিজার প্রকাশের পরিকল্পনা করছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

৪৫০ কোটির বিশাল বাজেট ও যৌথ প্রযোজনা

‘পাঠান’ সিনেমার অভূতপূর্ব সাফল্যের পর এই বড় বাজেটের প্রজেক্টে আবারও একসঙ্গে জুটি বেঁধেছেন শাহরুখ খান ও সিদ্ধার্থ আনন্দ। প্রায় ৪৫০ কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে শাহরুখের নিজস্ব সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্স। বিশাল ক্যানভাসে নির্মিত এই ছবিতে থাকছে আন্তর্জাতিক মানের অ্যাকশন সিকোয়েন্স।

পর্দায় শাহরুখ-সুহানা ও বিশেষ গানে কারিনা

‘কিং’ সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এই প্রথমবার রূপালি পর্দায় একসঙ্গে পূর্ণাঙ্গ চরিত্রে দেখা যাবে শাহরুখ খান ও তাঁর কন্যা সুহানা খানকে। ছবিতে এক পেশাদার আততায়ী (অ্যাসাসিন) এবং তার শিষ্যের টানটান উত্তেজনাময় সম্পর্ক তুলে ধরা হবে।

পাশাপাশি ছবিতে থাকছে বড় চমক। বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে দেখা যাবে একটি বিশেষ চরিত্রে। শাহরুখ খানের সঙ্গে ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি ব্লকবাস্টার ডান্স ট্র্যাকে নাচতে দেখা যাবে তাঁকে। ‘কভি খুশি কভি গাম’ ও ‘রা-ওয়ান’-এর পর দীর্ঘদিন বাদে আবার এই জুটিকে একসঙ্গে পর্দায় উদযাপনের সুযোগ পাবেন দর্শকরা। এতে আরও একটি খল চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন।

বছরের শেষে ধামাকা: মুক্তির তারিখ

সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই বড় পর্দায় ঝড় তুলতে আসছে ‘কিং’। আগামী ২৪ ডিসেম্বর বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে বিশ্বব্যাপী সিনেমাটি প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শাহরুখ খানের জন্মদিনে টিজার প্রকাশের খবর ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে তাঁর কোটি কোটি ভক্তদের মাঝে নতুন করে আগ্রহের জোয়ার তৈরি হয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment