অন্যান্য

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের বিষয়ে হাইকোর্টের ১৫ পাতার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। রায়ে আগামী ৩ অর্থবছরের মধ্যে গ্রামীণ কল্যাণকে এই অর্থ দ্রুত পরিশোধ করতে বলা হয়েছে।

এর আগে, গত ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছিলেন।

মামলার প্রেক্ষাপট:

পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭—এই পাঁচ করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে আয়কর দাবি করে এনবিআর। ওই দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে পৃথক দুটি রিট করে প্রতিষ্ঠানটি। প্রাথমিক শুনানি নিয়ে আদালত তখন রুল জারি করেছিলেন। সম্প্রতি হাইকোর্টের নতুন বেঞ্চ সেই রুল খারিজ করে রায় দেন। এর ফলে গ্রামীণ কল্যাণের কাছ থেকে আয়কর বাবদ ওই অর্থ আদায়ে এনবিআরের আর কোনো আইনগত বাধা রইল না।

উল্লেখ্য, এর আগে গত ৪ অক্টোবর বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই মামলার পূর্বের একটি আদেশ প্রত্যাহার করে নথি প্রধান বিচারপতির কাছে পাঠান। পরবর্তীতে প্রধান বিচারপতির নির্দেশে মামলাটি নতুন বেঞ্চে স্থানান্তরিত হয় এবং নতুন বেঞ্চ এই চূড়ান্ত রায় ঘোষণা করেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment