বিনোদেন ডেস্ক, ডেইলি পূর্বাচল
ভারতে বর্তমান পরিস্থিতি নিয়ে করা একটি মন্তব্য ঘিরে তৈরি হওয়া তীব্র বিতর্কের মুখে অবশেষে অবস্থান স্পষ্ট করলেন বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত। সম্প্রতি একটি টক শোতে দেওয়া তাঁর বক্তব্য ঘিরে নেটপাড়ায় ঝড় উঠলে তিনি জানিয়েছেন, ওই মন্তব্যটি কোনো গম্ভীর বা রাজনৈতিক বক্তব্য ছিল না, বরং পুরোটাই ছিল আগে থেকে প্রস্তুত করা একটি স্ক্রিপ্টেড হাস্যরসাত্মক অংশ।
প্রখ্যাত অভিনেতা শেখর সুমনের সঞ্চালনায় নতুন টক শো ‘শেখর টুনাইট’-এর বিশেষ পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ‘সঞ্জু বাবা’। গান্ধী জয়ন্তী উপলক্ষে দেশের সামাজিক ও রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেছিলেন, এ দেশের মানুষ ভীষণ ভালো হলেও তিনি আগের মতো শান্তি অনুভব করতে পারছেন না এবং শিবজির কাছে শান্তির দিনগুলো ফিরিয়ে আনার প্রার্থনা করেন। পাশাপাশি, ‘মুন্না ভাই’ স্টাইলে নিজেকে পাঁচ মিনিটের জন্য প্রধানমন্ত্রী কল্পনা করে ব্যঙ্গাত্মক মন্তব্য এবং গান্ধীজির ‘তিন বানর’ রূপকের আদলে একটি ‘চতুর্থ বানর’ তত্ত্বের অবতারণা করেন তিনি।
বিতর্কের জেরে এক্স-এ বার্তা সঞ্জয় দত্তের
অনুষ্ঠানটির ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই সমালোচনার ঝড় ওঠে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ তুলে অনেকে অভিনেতার তীব্র সমালোচনা করেন।
পরিস্থিতি বেগতিক দেখে মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’-এ (সাবেক টুইটার) একটি বার্তা দিয়ে নিজের বক্তব্য পরিষ্কার করেন সঞ্জয় দত্ত। তিনি লেখেন, “কারও অনুভূতি বা কোনো প্রতিষ্ঠানকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। পুরো বিষয়টি ছিল একটি স্ক্রিপ্টেড হাস্যরসাত্মক অনুষ্ঠান। মুন্না ভাই সিনেমার গান্ধীগিরির মতোই ভালোবাসা ও সম্প্রীতির বার্তা দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। দুর্ভাগ্যবশত, আমার কথাগুলোকে ভুল প্রেক্ষাপটে ব্যাখ্যা করা হয়েছে।”


