রাজনীতি

বিএনপির সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ ও আসন শূন্য ঘোষণা

নিজস্ব প্রতিবেদক |দৈনিক পূর্বাচল :

মিরপুরের রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনার জেরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি। আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনার জেরে পদত্যাগ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। তার পদত্যাগের ফলে ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর (মহিলা আসন-২৩) আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ গত ১ অক্টোবর পদত্যাগ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী উক্ত তারিখে আসনটি শূন্য হয়েছে। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে এবং শূন্য আসন পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করা হয়েছে।

পদত্যাগের নেপথ্য কারণ

এর আগে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। এ ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে। নির্দেশ পাওয়ার পর এদিন দুপুর ২টার দিকে জাতীয় সংসদের স্পিকারের নিকট পদত্যাগপত্র জমা দেন তিনি।

রাড্ডা সেন্টারে হামলা ও নেপথ্যের ঘটনা

গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে দুই শতাধিক মানুষের একটি দল দেশীয় অস্ত্র ও ভাঙার সরঞ্জাম নিয়ে মিরপুরের ঐতিহাসিক রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে অতর্কিত হামলা চালায়। এ সময় একটি পাকা ও তিনটি আধা-পাকা ভবনসহ পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে এ ঘটনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়া এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশার নাম উঠে আসে, যারা সংসদ সদস্য ফেরদৌসী আহমেদের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।

প্রশাসনের কঠোর পদক্ষেপ

১৯৭৪ সাল থেকে মিরপুরের সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। এই ঐতিহাসিক প্রতিষ্ঠানে হামলার ঘটনায় সরকার চরম বিব্রত বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। এছাড়া অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কড়া বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন। দায়িত্বে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগে ইতিমধ্যে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।

এদিকে, বর্বরোচিত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা সেন্টারটিকে পুনরায় জনসেবার উপযোগী করতে বর্তমানে দ্রুতগতিতে সংস্কার কাজ চলছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment