নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর ইসিবি চত্বরের নিউ গ্রিনি প্রপার্টিজে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার নাজমুল হক গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
যেভাবে ঘটে এই ঘটনা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিউ গ্রিনি প্রপার্টিজের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। একপক্ষ তাদের জমিতে প্রবেশ করতে না পেরে লোকজন নিয়ে সেখানে আসে। এই দুই পক্ষের বিরোধ ও উত্তেজনার মাঝে পড়ে যায় সালমান মুক্তাদিরের স্টুডিওটি। বহিরাগতরা ওই স্টুডিওতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।
ঘটনাস্থল থেকে পুলিশ সফল অপারেশন চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
ক্লায়েন্টদের ফুটেজ ও মূল্যবান উপকরণ নষ্ট
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন এবং স্টুডিওর ব্যাপক ক্ষয়ক্ষতি তুলে ধরেন সালমান মুক্তাদির। তিনি জানান, স্টুডিওতে ক্লায়েন্টদের অনেক গুরুত্বপূর্ণ কাজের ফুটেজ এবং মূল্যবান শুটিংয়ের উপকরণ ছিল, যা হামলায় হারিয়ে গেছে। এর ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির পাশাপাশি কাজের ক্ষেত্রে চরম জটিলতা তৈরি হয়েছে।
ক্ষোভ প্রকাশ করে সালমান বলেন, দেশের সৃজনশীল কাজ ও শিল্প-সংস্কৃতির প্রসারে এ ধরনের স্টুডিও খুব বেশি নেই। তার স্বপ্নের এই প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে যাওয়ায় সামগ্রিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে।
থেমে থাকার পাত্র নন সালমান
হামলার ঘটনায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্থানীয় লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ তুললেও, দমে যেতে নারাজ এই কনটেন্ট ক্রিয়েটর। কর্মীদের উদ্দেশে তিনি জানান, কাজ বন্ধ করা হবে না এবং এই স্টুডিওতেই আবার সব গুছিয়ে কাজ শুরু করা হবে।
সালমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমি থেমে থাকব না। আমি আমার প্যাশন চালিয়ে যাব। দেশ থেকে না হলে দেশের বাইরে থেকে চালিয়ে যাব।’


