নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
দৈনিক পূর্বাচল
আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার আগেই সাধারণ কর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগে রাজধানীর নয়াপল্টনস্থ চায়না টাউনে অবস্থিত ‘ত্রিপল এ ওভারসিজ’ (আরএল-২৬৩০) নামের একটি রিক্রুটিং এজেন্সি সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অনুসন্ধানে জানা যায়, চক্রটি গ্রামাঞ্চলের সহজ-সরল বিদেশগমনেচ্ছুক কর্মীদের দালালদের মাধ্যমে নয়াপল্টনের অফিসে এনে ভুয়া ইন্টারভিউয়ের নামে ফাঁদ পাতে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়মের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। এ সময় নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি বিদেশগামী কর্মীদের নিয়মবহির্ভূতভাবে জমা রাখা ৩ বক্স পাসপোর্ট জব্দ করে বিএমইটির জিম্মায় নেওয়া হয়।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “বিদেশগামী মেহনতি কর্মী ও প্রবাসীদের স্বার্থরক্ষা আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। কোনো অবস্থাতেই কোনো অসাধু এজেন্সিকে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করতে দেওয়া হবে না। যারা নিয়ম অমান্য করবে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জব্দকৃত পাসপোর্টগুলো দ্রুত আইনি প্রক্রiyay প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বৈদেশিক কর্মসংস্থান খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


