স্বাধীনতা পুরস্কার-২০২৬ আজ: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | দৈনিক পূর্বাচল

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পদক তুলে দেবেন।

এ বছর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

এছাড়া মনোনীত অন্য ব্যক্তিরা হলেন—মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর); বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম; সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর); সংস্কৃতিতে হানিফ সংকেত; সংগীতে বশীর আহমেদ (মরণোত্তর); ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু); সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) ও মো. সাইদুল হক; শিক্ষাক্ষেত্রে নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী (মরণোত্তর); জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর); গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া; এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার।

প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয়েছে—ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, এসওএস শিশু পল্লী (বাংলাদেশ) এবং গণস্বাস্থ্য কেন্দ্র।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়।

১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণপদক, পদকের প্রতিরূপ ও একটি সম্মাননাপত্র প্রদান করা হয়।

সূত্র: বাসস

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 0   +   10   =