প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যশোরের শার্শা উপজেলার উলাশী এখন সাজ সাজ রবে পরিণত হয়েছে। পুরো এলাকায় উৎসবের আমেজ, ব্যস্ততা ও শেষ মুহূর্তের প্রস্তুতি চোখে পড়ার মতো।
রাস্তার পাশে উড়ছে দলীয় পতাকা, নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন তোরণ এবং চলছে রং-তুলির কাজ। যশোর-বেনাপোল মহাসড়ক থেকে উলাশী খালপাড় পর্যন্ত এলাকায় এখন উৎসবমুখর পরিবেশের তৈরি হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। স্থানীয়ভাবে ‘জিয়া খাল’ নামে পরিচিত এ খালটি ১৯৭৬ সালের ১ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে কোদাল চালিয়ে খনন কাজের উদ্বোধন করেছিলেন। প্রায় অর্ধশতাব্দী পর তারই ছেলে প্রধানমন্ত্রী হিসেবে এসে সেই খালের পুনর্জাগরণ কর্মসূচি উদ্বোধন করতে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ইতোমধ্যে এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আল ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এ কে এম শাহাবুদ্দিন। শার্শা-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমানও খাল এলাকা পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসক আশেকে হাসান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনসহ প্রশাসন ও রাজনৈতিক নেতারা নিয়মিত প্রস্তুতি তদারকি করছেন।
নিরাপত্তার স্বার্থে এসএসএফ ইতোমধ্যে এলাকা পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
শিক্ষক শারমিন সুলতানা বলেন, এ খাল শুধু পানি নিষ্কাশনের পথ নয়, এটি কৃষি ও মৎস্য অর্থনীতির প্রাণ। পুনঃখনন হলে পুরো অঞ্চলে নতুন সম্ভাবনা তৈরি হবে।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থল, সড়কপথ ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।


