ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর এলাকার চাঞ্চল্যকর রাফি হত্যা মামলার অন্যতম আসামি মিজানুর রহমানকে (শাহিন) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই।
বুধবার (৮ এপ্রিল) ভোর ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জার্মানি যাওয়ার চেষ্টা করছিলেন।
শাহিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাগ্নে ও শাইনপুকুর এলাকার আজিজুল রহমান মিরাজের ছেলে।
তাকে ‘ক্যাশিয়ার শাহীন’ নামে সবাই চেনেন বলে জানা গেছে।
ঢাকা জেলার নবাবগঞ্জ থানার একটি ব্যাংকের সাবেক শাখা ম্যানেজার ছিলেন শাহীন।
বুধবার দুপুরে ঢাকার আদালতে নেওয়া হলে আদালত জামিন নামঞ্জুর করে তার একদিনের রিমান্ড মঞ্জুর করে।
পিবিআই-এর পরিদর্শক মো. জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পিবিআই সূত্র জানায়, ২০২৫ সালের ২০ মে রাফিকে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনার এজাহারভুক্ত আসামি শহিদ, টিটু, হুকুম আলী, আলামিন গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন।
বাতেন নামের এক আসামি পলাতক আছেন। গ্রেপ্তার আসামি আলামিনের স্বীকারোক্তিতে জানা যায়, আসামি শাহিন মোবাইল ফোনে দেওয়া নির্দেশনায় এ হত্যাকাণ্ড সংগঠিত হয়।
পিবিআই-এর পরিদর্শক মো. জামাল উদ্দিন জানান, আসামি শাহিন দীর্ঘ ১১ মাস যাবৎ পলাতক অবস্থায় ছিলেন। বুধবার ভোরে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি অন্য একটি দেশ হয়ে জার্মানি যাওয়ার চেষ্টা করছিলেন। আদালত আসামিকে জিজ্ঞাসাবাদে ১ দিনের সময় দিয়েছে।
তিনি আরো জানান, আসামিকে গ্রেপ্তারের পর অধিকতর তদন্তের জন্য গণমাধ্যমে জানাতে দেরি হয়েছে।


