হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে পর্তুগাল দলে থাকছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফুটবলার ফেব্রুয়ারির শেষ থেকে সৌদি ক্লাব আল নাসরের হয়ে মাঠে নামতে পারেননি।
পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, রেকর্ড ষষ্ঠবারের মত বিশ্বকাপে নিতে রোনালদোকে নিয়ে কোন ঝুঁকি নেই। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রোনালদো এ মৌসুমে যা করেছে, তাতে বোঝা যায় সে দারুণ এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছে এবং কোনো শারীরিক সমস্যা নেই। বিশ্বকাপে (পর্তুগালের) সেন্টার ফরোয়ার্ড পজিশন ক্রিশ্চিয়ানো রোনালদো ও গনসালো রামোসের জন্য থাকবে। তাদের বাইরে আমরা একজন তৃতীয় স্ট্রাইকার খুঁজছি।’
আগামী ২৮ মার্চ মেক্সিকো সিটিতে মেক্সিকো ও তিনদিন পর আটালান্টায় যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে পর্তুগাল। মার্টিনেজ বলেন, ‘বিশ্বকাপের আগে চূড়ান্ত ট্রেনিং ক্যাম্পকে সামনে রেখে দল নিয়ে পরীক্ষা করার এটাই শেষ সুযোগ।’
বিশ্বকাপে গ্রুপ-কে’তে পর্তুগালের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান ও প্লে-অফ বিজয়ী দল।
পর্তুগাল স্কোয়াড
গোলরক্ষক: দিয়েগো কস্তা, হোসে সা, রুই সিলভা
ডিফেন্ডার: মাথিয়াস নুনেস, দিয়োগো ডালোট, হুয়াও ক্যান্সেলো, নুনো মেনডেস, গনসালো ইনাসিও, রেনাটো ভেইগা, এন্টোনিও সিলভা, টমাস আরাউজো
মিডফিল্ডার: রুবেন নেভেস, সামু কস্টা, মাটিয়াস ফার্নান্দেজ, হুয়া নেভেস, ভিটিনহা, ব্রুনো ফার্নান্দেস, রডরিগো মোরা
ফরোয়ার্ড: রিকার্ডো হর্তা, পেড্রো গনসালভেস, হুয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ট্রিনকাও, ফ্রান্সিকো কনসেইকাও, রাফায়েল লিয়াও, পেড্রো নেটো, গনসালো গুয়েডেস, গনসালো রামোস



