ঢাকা, ০১ এপ্রিল ২০২৬ (বুধবার):
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে MV. MP ULTRAMAX 2 জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (MOU) আওতায় নগদ ক্রয় চুক্তি G to G-03 এর অধীনে এই গম আমদানি করা হয়েছে।
এর আগে একই চুক্তির আওতায় প্রথম শিপমেন্টে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন এবং দ্বিতীয় শিপমেন্টে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম দেশে পৌঁছায়।
জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমদানিকৃত ৬১ হাজার মেট্রিক টন গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ৩১ হাজার ৫৫০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।
বাংলাদেশ সরকার ইতোমধ্যে সরকার-টু-সরকার (G to G) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম জোরদার করেছে। G to G-01 এবং G to G-02 চুক্তির আওতায় আমদানিকৃত সব গম ইতোমধ্যে দেশে পৌঁছেছে।
উল্লেখ্য, G to G-01 চুক্তির আওতায় ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ মেট্রিক টন এবং G to G-02 চুক্তির আওতায় ২ লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টন—মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম দেশে এসেছে।
দেশে বছরে গমের মোট চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন হলেও উৎপাদন হয় প্রায় ১০ লাখ মেট্রিক টন। ফলে বাকি চাহিদা পূরণে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিদেশ থেকে গম আমদানি করতে হয়।


