— জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা গ্রামে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক এক দম্পতিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচল-এর পাতায়।
চুয়াডাঙ্গার জীবননগরে থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। পরে আজ শনিবার (১১ জুলাই) সামারি ট্রায়াল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে স্বামী আকের আলী মণ্ডলকে ২ বছর এবং স্ত্রী ফেরুজা খাতুনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখের নেতৃত্বে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। থানার এসআই (নিঃ) মো. হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গতকাল শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কর্চাডাঙ্গা গ্রামে এই মাদকবিরোধী অভিযান চালান। অভিযানকালে কর্চাডাঙ্গা গ্রামের বাসিন্দা ৬৫ বছর বয়সী আকের আলী মণ্ডলের বসতবাড়ি থেকে তাকে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। একই সময়ে তল্লাশি চালিয়ে তার ৪০ বছর বয়সী স্ত্রী ফেরুজা খাতুনকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ দল।
আটককৃত মাদক ব্যবসায়ী দম্পতিকে আজ শনিবার সামারি ট্রায়ালের জন্য আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক আসামিদের অপরাধ স্বীকার ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আকের আলী মণ্ডলকে ২ বছর এবং ফেরুজা খাতুনকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় মাদক নির্মূল ও অপরাধ দমনে চুয়াডাঙ্গা জেলা পুলিশের এমন কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও জোরালোভাবে অব্যাহত থাকবে।

