নেইমারের বিশ্বকাপ খেলার স্বপ্ন ’ শেষ

দরজায় কড়া নাড়ছে দ্য ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। তবে এই বিশ্বকাপে ব্রাজিল দলে নেইমারের জায়গা পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কার্লো আনচেলত্তির কৌশলগত পরিকল্পনা এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) অভ্যন্তরীণ অসন্তোষের কারণে বিশ্বকাপ দল থেকে প্রায় ছিটকে যাওয়ার পথে রয়েছেন নেইমার। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে সিএনএন ব্রাজিল।

 

প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের ফিটনেস এবং খেলার ধরন সরাসরি দেখার জন্য সান্তোস ও মিরাসোল মধ্যকার ম্যাচটি দেখতে গিয়েছিলেন আনচেলত্তি। কিন্তু নেইমার সেই ম্যাচে খেলেননি। শুধু তাই নয়, স্টেডিয়ামে উপস্থিত হয়ে কোচের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করারও কোনো প্রয়োজন বোধ করেননি তিনি। যা কোচ এবং বোর্ডের প্রতি নেইমারের চরম অবজ্ঞা হিসেবে দেখছে সিবিএফ।

২০২৬ বিশ্বকাপ থেকে ‘কার্যত’ ছিটকে গেলেন নেইমার

ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরির সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন নেইমার। দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা এই ফুটবলারের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে মোটেও সন্তুষ্ট নয় ব্রাজিলের কোচিং স্টাফ। বিশেষজ্ঞরা মনে করছেন আন্তর্জাতিক ফুটবলের গতি বা স্ট্যামিনা নেইমারের নেই।

সম্প্রতি প্রীতি ম্যাচের জন্য আনচেলত্তির ঘোষিত দলে জায়গা হয়নি নেইমারের। দলে জায়গা না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি যে মন্তব্য করেছেন, তাও ভালোভাবে নেননি সিবিএফ কর্মকর্তারা। নেইমার তার বিশাল মিডিয়া ইনফ্লুয়েন্স এবং ভক্তদের সমর্থন ব্যবহার করে কোচিং স্টাফের ওপর মানসিক চাপ তৈরি করার চেষ্টা করছেন বলে ধারণা করেছেন সিবিএফ কর্মকর্তারা। যা দলের শৃঙ্খলার পরিপন্থী।

সিবিএফ মনে করে, নিজেকে প্রমাণ করার যথেষ্ট সুযোগ পেয়েছিলেন নেইমার। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন তিনি। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে আর মাত্র হাতেগোনা কয়েকটি ম্যাচ বাকি আছে। এই অল্প সময়ে নেইমারের পক্ষে নিজের ফিটনেস প্রমাণ করে আনচেলত্তির মন জয় করা প্রায় অসম্ভব বলে মনে করছে সিএনএন ব্রাজিল।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 2   +   7   =