ঢালিউডের ‘লাকি’ কিন্তু পর্দার আড়ালে থেকে যাওয়া এক আনলাকি নায়িকা!

বিনোদন প্রতিবেদক | দৈনিক পূর্বাচল

প্রকাশিত: ২১ জুন, ২০২৬

ইন্ডাস্ট্রি তাকে একসময় খেতাব দিয়েছিল ‘লাকি নায়িকা’। কারণ রূপালী পর্দায় তার উপস্থিতি মানেই ছিল প্রযোজক-পরিচালকদের মুখে হাসি, ছবি সুপারহিট! নব্বইয়ের দশকে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। অথচ, এক অদ্ভুত নিয়তি বা ইন্ডাস্ট্রির সমীকরণে বাস্তবে তিনি যেন হয়ে রইলেন সবচেয়ে ‘আনলাকি’ নায়িকা। তিনি ঢালিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ।

বড় বড় ব্লকবাস্টার হিট ছবি উপহার দেওয়ার পরও অবহেলা আর প্রচারণার আলো থেকে বঞ্চিত হয়েছেন এই অভিনেত্রী। ছবি সুপারহিট হলেও আলোচনা ঘুরেফিরে হতো ছবির নায়ক, খলনায়ক কিংবা অন্য সমসাময়িক নায়িকাকে ঘিরে। ফলে, বক্স অফিসে তুমুল সফল হয়েও সে অর্থে ‘স্টার’ তকমাটা আর নিজের করে পাওয়া হয়নি শাহনাজের।

সালমান ও মান্নার যুগে সাফল্যের আড়ালে শাহনাজ

সালমান শাহের অকাল মৃত্যুর পর মুক্তি পেয়েছিল ঢালিউডের ইতিহাসের অন্যতম ব্যবসাসফল ও আবেগঘন ছবি ‘সত্যের মৃত্যু নেই’ (১৯৯৬)। এই ঐতিহাসিক হিট ছবিতে সালমান শাহের বিপরীতে মূল নায়িকার ভূমিকায় ছিলেন শাহনাজ। সিনেমা হল কাঁপানো এই ছবির সব ক্রেডিট স্বভাবতই চলে যায় প্রয়াত সালমান শাহের ঝুলিতে; আর সাথে তো ছিলেনই কিংবদন্তি অভিনেত্রী শাবানা। ফলে আড়ালেই ঢাকা পড়ে যান শাহনাজ।

পরবর্তীতে মেগাস্টার মান্নার সাথে জুটি বেঁধেও শাহনাজ উপহার দেন একের পর এক সুপারহিট সিনেমা। যার মধ্যে অন্যতম— ফুটপাতের রাজা (১৯৯৫), রুটি (১৯৯৬), ক্ষুধার জ্বালা (১৯৯৭), শান্ত কেন মাস্তান (১৯৯৮), এবং গুন্ডা নাম্বার ওয়ান (২০০০)। এছাড়া দেশের মাটি (১৯৯৮), লাল বাদশা (১৯৯৯), রাজা নাম্বার ওয়ান (২০০০)-এর মতো মান্না-শাহনাজ জুটির ব্যবসাসফল ছবির তালিকা বেশ দীর্ঘ। কিন্তু দুর্ভাগ্যবশত, এসব ছবির আকাশচুম্বী সাফল্যের ক্রেডিট মান্না যতখানি পেয়েছেন, তার সিকি ভাগও জুটেনি শাহনাজের কপালে।

শুরুর রাজকীয় অভিষেক ও কালজয়ী কিছু গান

ক্যারিয়ারের একেবারে শুরুতে ১৯৯৩ সালে ‘জ্যোতি’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে দারুণভাবে আলোচিত হয়েছিলেন শাহনাজ। ছবিটি বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করে। এই ছবিতে অমিত হাসানের বিপরীতে তার একটি গান আজও দর্শকহৃদয়ে দোলা দেয়— ‘পৃথিবীর জন্ম যেদিন থেকে, তুমি আমার যেন সেদিন থেকে’

একই বছর মুক্তি পাওয়া ‘মহৎ’ ছবির কালজয়ী গান ‘প্রেম কখনো মধুর’-এ ইলিয়াস কাঞ্চন এবং ওমর সানির সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন শাহনাজ। অথচ, এই গানের রাজকীয় জনপ্রিয়তার ক্রেডিটও ভাগ করে নিয়েছেন গীতিকার, সুরকার, গায়ক আর নায়কেরা। শাহনাজ বরাবরের মতোই থেকে গেছেন স্পটলাইটের বাইরে।

দর্শকের হৃদয়ে শাহনাজের কিছু স্মরণীয় গান

চলচ্চিত্রে নায়িকার মূল্যায়ন ঠিকঠাক না হলেও সংগীতপ্রেমী ও চলচ্চিত্রপ্রেমীদের প্লে-লিস্টে শাহনাজ অভিনীত গানগুলো আজও অমর। তার অভিনীত সেরা কিছু জনপ্রিয় গানের তালিকা:

  • নয়নের কাছে থেকো (সত্যের মৃত্যু নেই)

  • সুখের আরেক নাম প্রেমের অসুখ (সত্যের মৃত্যু নেই)

  • তুমি এই হৃদয়ের যন্ত্র আমার (দুনিয়ার বাদশা)

  • আমি সাত সাগর পারি দিয়ে (আশার প্রদীপ)

  • কেন এভাবে আমাকে তুমি এতো ভালোবাসো (বিদ্রোহী সন্তান)

  • হৈ হৈ হৈ মনটা খালি আছে রে – আমায় দে (গুন্ডা নাম্বার ওয়ান)

ঢালিউড ইতিহাসের পাতায় শাহনাজের নাম হয়তো শীর্ষ তারকাদের তালিকায় চড়া সুরে উচ্চারিত হয় না, কিন্তু নব্বই দশকের সিনেমার সোনালী অধ্যায়ের দিকে তাকালে এই ‘লাকি’ নায়িকার অবদান কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 9   +   5   =