জীবননগরে বিজিবির অভিযান: বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও মাদক উদ্ধার | দৈনিক পূর্বাচল

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই, ২০২৬ | দুপুর ০১:২৫

আপডেট: ০৮ জুলাই, ২০২৬ | দুপুর ০১:২৮

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চোরাচালান বিরোধী এক সফল অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তাজা গুলি ও ভারতীয় ‘এসকাফ’ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল মঙ্গলবার (৭ জুলাই, ২০২৬) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে উপজেলার মাধবখালী সীমান্তে ৫৮ বিজিবির একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। তবে বিজিবির চৌকস দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে কৌশলে ভারতের অভ্যন্তরে পালিয়ে গেছে এক অজ্ঞাত চোরাকারবারী।

বিজিবি সূত্র জানায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মাধবখালী বিওপির হাবিলদার মো. সাইফুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল রাতে সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারি চালাচ্ছিল। রাত আনুমানিক পৌনে ২টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত পিলার ৭০/৬-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের জসিম উদ্দিনের একটি বাঁশবাগান এলাকায় এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ করে বিজিবি।

টহল দল তাকে চ্যালেঞ্জ করে ধাওয়া দিলে ওই চোরাকারবারী হাতের একটি প্লাস্টিকের নেটের বস্তা ফেলে সীমান্ত রেখা পেরিয়ে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে গভীর রাতে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে পরিত্যক্ত বস্তাটি তল্লাশি করে ২২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। একই বস্তার ভেতরে বিশেষ কায়দায় পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ৭.৬৫ মিলিমিটার ইউএসএ-মেড (Made in USA) বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি জব্দ করেন বিজিবি সদস্যরা।

৫৮ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্য আজ বুধবার (৮ জুলাই, ২০২৬) জীবননগর থানায় হস্তান্তর এবং এই বিষয়ে একটি মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ আজ দুপুরে দৈনিক পূর্বাচল-কে জানান, “বিষয়টি সম্পর্কে আমি এখনও আনুষ্ঠানিক কোনো লিখিত বার্তা বা মালামাল পাইনি। তবে বিজিবির পক্ষ থেকে যোগাযোগ করে থানায় মালামাল হস্তান্তর করা হলে দ্রুত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 8   +   8   =