উত্তরায় ব্যবসায়ীকে অপহরণ করে ২৫ লাখ টাকা মুক্তিপণ আদায়: মাস্টারমাইন্ডসহ ৩ অপহরণকারী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, পূর্বাচল

প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ |

উত্তরা থেকে অপহৃত ব্যবসায়ী আজিবুর রহমানকে উদ্ধার করেছে পুলিশ। ২৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পর আরও টাকার দাবিতে নির্যাতনের অভিযোগে মাস্টারমাইন্ডসহ ৩ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

রাজধানীর উত্তরা থেকে এক ব্যবসায়ীকে অপহরণের পর ২৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের মূল হোতাসহ (মাস্টারমাইন্ড) তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ। গত রাতে রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ভিকটিমকে উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—চক্রের মাস্টারমাইন্ড মো: সজিব মিয়া (২৯) এবং তার তিন সহযোগী আব্দুল আলিম বাবু (৩০), মো: ময়নুদ্দিন ও মো: মহিউদ্দিন (৩৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ জুন, ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরা পশ্চিম থানার ৩ নং সেক্টরের জসিম উদ্দিন এলাকা থেকে আজিবুর রহমান (৫০) নামে ওই ব্যবসায়ীকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা অপহরণ করে। অপহরণের পর ভিকটিমকে মারধর করে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরবর্তীতে তাকে নারায়ণগঞ্জের আড়াইহাজারসহ বিভিন্ন এলাকায় নিয়ে নির্যাতন চালানো হয়। একপর্যায়ে ভিডিও কলে পরিবারকে নির্যাতন দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করলে, ভিকটিমের প্রাণ বাঁচাতে পরিবার ডাচ্-বাংলা ব্যাংকের একটি অ্যাকাউন্টে ২৫ লাখ টাকা মুক্তিপণ জমা দেয়।

টাকা পেয়েও অপহরণকারীরা ভিকটিমকে না ছেড়ে আরও টাকার জন্য চাপ দিতে থাকলে পরিবার নিরুপায় হয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশের দ্বারস্থ হয়। পুলিশি অভিযানের বিষয়টি টের পেয়ে অপহরণকারীরা নিয়মিত অবস্থান পরিবর্তন করতে থাকে। অবশেষে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পৃথক অভিযানে ১০ মামলার আসামী মাদক ব্যবসায়ী গ্রেফতার

এদিকে উত্তরা পশ্চিম থানা পুলিশের অপর একটি দল পৃথক অভিযান চালিয়ে উত্তরার ৫নং সেক্টরের জোনাইদ টেইলার্সের সামনে থেকে মো: জামাল (৪৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত জামালের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ১০টি মামলা রয়েছে। তার বিরুদ্ধেও পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

  •  উত্তরা ব্যবসায়ী অপহরণ, ২৫ লাখ টাকা মুক্তিপণ,, ডিএমপি উত্তরা বিভাগ, উত্তরা পশ্চিম থানা পুলিশ, ,

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 5   +   4   =