অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতাই এখন তথ্য আদান-প্রদানের প্রধান মাধ্যম: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | 

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬

ঢাকা: ঐতিহ্যবাহী সংবাদমাধ্যমের গণ্ডি পেরিয়ে বর্তমান সময় অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, “অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের তথ্য গ্রহণ, দেখা, জানা এবং সম্পৃক্ত থাকার প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এই পরিবর্তনের সঙ্গে তরুণ ও আগামী প্রজন্ম সবচেয়ে সফলভাবে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে।”

গত শুক্রবার (২৬ জুন) রাতে রাজধানীর মহাখালীর বাংলাদেশ পর্যটন করপোরেশনের অবকাশ হোটেলে ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ আয়োজিত এক ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রধানদের নিয়ে এই সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন করা হয়।

সময়ের আবেদন ধারণ করছেন অনলাইন সাংবাদিকরা

সেতুমন্ত্রী বলেন, “এখন অনলাইন সাংবাদিকতাই মানুষ উপভোগ করছে, জানছে, দেখছে এবং যুক্ত থাকছে। এই সময়টা আপনাদের সময়। সময়ের যে আবেদন, সেটিকে আপনারা ধারণ করতে পারছেন। এটি আপনাদের সৌভাগ্য, আবার আপনাদের যোগ্যতারও স্বীকৃতি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী শেখ রবিউল আলম নিজের স্মৃতি চারণ করে বলেন, “আমি প্রায়ই বলি, আমি মাস কমিউনিকেশনের ছাত্র। আমার দুর্ভাগ্য, সাংবাদিকতা করার সুযোগ হয়নি; রাজনীতিতে চলে এসেছি। তবে সাংবাদিকদের বিবেক, অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি এবং দূরদর্শিতা সত্যিই অনন্য।”

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমের অনলাইন ও ডিজিটাল প্রধানরা উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন চ্যানেল আই-এর সিএনই মীর মাসরুর জামান, নাগরিক প্রতিদিনের জয়েন্ট এডিটর লুৎফর রহমান হিমেল, জাগো নিউজ-এর এডিটর কে এম জিয়াউল হক, ডিবিসির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম (রুবেল), দৈনিক আগামীর সময়-এর অনলাইন এডিটর আনিসুর রহমান বুলবুল, স্টার নিউজের লিড ডিজিটাল আউটপুট মো. মঈন উদ্দিন বকুল, দীপ্ত টিভির হেড অব অনলাইন মাউসদ বিন আবদুর রাজ্জাক, টাইমস টুডের অনলাইন ইনচার্জ মো. রওশন জামিল প্রধান এবং বার্তা ২৪-এর নিউজরুম কো-অর্ডিনেটর মনসুরা চামেলী।

এছাড়াও দেশের প্রথম সারির গণমাধ্যম যেমন—দৈনিক নয়া দিগন্ত, যুগান্তর, আরটিভি, দ্য ডেইলি স্টার, বৈশাখী টিভি, এখন টিভি, বাংলা নিউজ ২৪, দৈনিক মানবকণ্ঠ, ইনকিলাব, আলোকিত বাংলাদেশ ও সময়ের আলোর ডিজিটাল ও মাল্টিমিডিয়া ইনচার্জসহ অন্যান্য দায়িত্বশীল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পারিবারিক আবহ ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন

আয়োজকরা জানান, অনলাইন গণমাধ্যমের সম্পাদকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পরিবার-পরিজনকে সম্পৃক্ত করতেই এই বর্ণাঢ্য মিলনমেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সদস্যদের পরিবারের শিশুদের বিশেষ উপহার এবং সহধর্মিণীদের সম্মাননা উপহার প্রদান করা হয়।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 7   +   7   =