বেইজিংয়ে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ঝাউ লেজির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক, দৈনিক পূর্বাচল | প্রকাশ: ২৬ জুন ২০২৬

 চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাউ লেজির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই দ্বিপক্ষীয় ও সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশটির বিপ্লবী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।

সাক্ষাৎ ও শ্রদ্ধা নিবেদনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এছাড়াও সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।

উল্লেখ্য, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন। এর আগে গত ২১ জুন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে তিনি তাঁর প্রথম সরকারি বিদেশ সফর শুরু করেন।

পরবর্তীতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘সামার দাভোস ২০২৬’-এ অংশ নিতে তিনি চীনের দালিয়ান শহরে যান। সেখানে দুই দিনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বুধবার বিকেলে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী।

সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনাসহ উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (MoU) আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়।

একই দিনে বেইজিংয়ের দিয়াওইউতাই রাষ্ট্রীয় অতিথিশালায় বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যেও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া চীনের পানিসম্পদমন্ত্রী লি গোয়িং প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

চীন সফরকালে প্রধানমন্ত্রী ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। পাশাপশি, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিংয়ের সঙ্গেও তাঁর দলীয় পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

চার দিনের এই সফল সফরে চীনের বিভিন্ন বৃহৎ শিল্পগোষ্ঠীর শীর্ষ নির্বাহী, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি, চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনসহ বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তারা বাংলাদেশে বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ এবং দেশের চলমান উন্নয়নযাত্রায় আরও কার্যকর অংশীদারিত্বের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীরা আজ শুক্রবার বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 7   +   10   =