হরমুজ প্রণালি নিয়ে পদক্ষেপ, সহযোগিতা করতে প্রস্তুত ৬ দেশ

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে ‘যথাযথ প্রচেষ্টায়’ অংশ নেয়ার ব্যাপারে সম্মত হয়েছে ইউরোপের কয়েকটি প্রধান দেশ ও জাপান। পাশাপাশি তারা বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছে। এক যৌথ বিবৃতিতে বৃটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং জাপান ইরানের হামলার নিন্দা জানিয়ে দেশটিকে অবিলম্বে এসব কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে আরও বলা হয়, এই বিবৃতি প্রকাশ করেছে বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের দপ্তর। যৌথ বিবৃতিতে নেতারা বলেন, আমরা ইরানকে আহ্বান জানাই অবিলম্বে তার হুমকি, সমুদ্রপথে মাইন পাতা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং বাণিজ্যিক জাহাজ চলাচল বাধাগ্রস্ত করার অন্যান্য সব প্রচেষ্টা বন্ধ করতে। নেতারা আরও বলেন, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌ চলাচলে এই ধরনের হস্তক্ষেপ এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে ব্যাহত করা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি।

ইরান যুদ্ধ এখন ২০তম দিনে প্রবেশ করেছে এবং এই সময়ে হরমুজ প্রণালি কার্যত বন্ধ অবস্থায়ই রয়েছে। যুদ্ধের ফলে তেহরান উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। এ পর্যন্ত ১০টি তেলবাহী ট্যাঙ্কারসহ ২৩টি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে বা হামলার ঘটনায় জড়িয়েছে বলে জানা গেছে। নেতারা বলেন, সমুদ্রপথে অবাধ চলাচল আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি। ইরানের এসব পদক্ষেপের প্রভাব বিশ্বজুড়ে মানুষের ওপর পড়বে, বিশেষ করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর।

এই যৌথ বিবৃতি থেকে বোঝা যাচ্ছে, ইরানের পাল্টা হামলা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দ্রুত বাড়ছে। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান আঘাত হানছে। উভয় পক্ষের হামলায় তেল ও গ্যাস স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম আরও বেড়ে গেছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 3   +   3   =