নিজস্ব প্রতিবেদক | দৈনিক পূর্বাচল
আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, স্মার্ট বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় এমএসএমই খাতই প্রধান মেরুদণ্ড। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।
ঢাকা: কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টেকসই অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি হিসেবে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। ‘কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যতে মানবকেন্দ্রিক উদ্যোগ: মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আগামী প্রজন্মের অর্থনৈতিক ক্ষমতায়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২৬।
রোববার (২৮ জুন) এসএমই ফাউন্ডেশন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে আগারগাঁওয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পর্যটন ভবন থেকে শুরু হয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
জাতীয় বাজেটে এমএসএমই খাতে বিশেষ গুরুত্ব
বিডা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেন, “বর্তমান সরকার উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা-অনুকূল পরিবেশ সৃষ্টিতে নিরলস কাজ করছে। জাতীয় বাজেট ২০২৬-২৭-এ এমএসএমই খাতকে টেকসই করার লক্ষ্যে ‘সার্ভিস প্ল্যাটফর্ম’ প্রতিষ্ঠা এবং ‘ইয়ুথ অন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড স্টার্টআপস (YESS)’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রান্তিক উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক অর্থায়নের আওতায় আনাই আমাদের প্রধান লক্ষ্য।”
উদ্বোধন হলো বিডিএস পোর্টাল
এদিন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা উন্নয়ন সেবা সহজলভ্য করতে আনুষ্ঠানিকভাবে ‘বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিসেস (BDS) পোর্টাল’-এর উদ্বোধন। আইএলও-এর ‘প্রগ্রেস’ প্রকল্পের সহযোগিতায় এই পোর্টালটি উদ্যোক্তাদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
নারী উদ্যোক্তা ও এসএমই ফাউন্ডেশনের অবদান
ওয়েব সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল বলেন, “নারী উদ্যোক্তাদের সংখ্যা বাড়লে পারিবারিক ও জাতীয় পর্যায়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়। তাই অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠায় নারী উদ্যোক্তাদের অধিক হারে মূলধারায় নিয়ে আসতে হবে।”
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী জানান, ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে প্রায় ২২ লক্ষাধিক উদ্যোক্তাকে সেবা প্রদান করেছে, যার ৬০ শতাংশই নারী। তিনি আরও বলেন, “২০০৯ সাল থেকে ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় ১৫ হাজার উদ্যোক্তার মাঝে ১ হাজার ৩শ’ কোটি টাকা বিতরণ করা হয়েছে। তবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে সরকারের আরও সহযোগিতা প্রয়োজন।”
শিল্পসচিব আব্দুন নাসের খান সভায় সভাপতিত্ব করেন। তিনি জানান, দেশের এমএসএমই খাতের পূর্ণ বিকাশে ‘এমএসএমই নীতিমালা ২০২৬’ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা দ্রুত মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষায় আছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইএলও বাংলাদেশের প্রধান ম্যাক্স টুননসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের শীর্ষস্থানীয় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন

