সৌদি ফেরত প্রবাসীর জীবনে দুঃস্বপ্ন: ১৯ বছর পর ফিরে সর্বস্ব হারিয়ে ঢাকায় আশ্রয়হীন

স্টাফ রিপোর্টার | ডেইলি পূর্বাচল

সিলেটের প্রবাসী আবুল হোসেন (প্রায় ৪৫) দীর্ঘ ১৯ বছর সৌদি আরবে কাজ করে দেশে ফেরেন নতুন স্বপ্ন নিয়ে। কিন্তু দেশে ফিরে তিনি দেখতে পান, তার কষ্টার্জিত সব সম্পদই চলে গেছে আপন ভাইদের দখলে।

ভুক্তভোগী আবুল হোসেন জানান, প্রবাসে থাকা অবস্থায় তিনি নিয়মিত টাকা পাঠিয়ে জমি কেনেন পরিবারের জন্য। কিন্তু দেশে ফিরে তিনি জানতে পারেন, সেই জমি তার নামে নয়—বরং ভাইয়েরা নিজেদের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন। এমনকি তাকে নিজ বাড়িতেও উঠতে দেওয়া হয়নি।

বর্তমানে তিনি ঋণ, দেনা এবং মামলার চাপে দিশেহারা হয়ে নিজ এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান করছেন। এখন তার দিন কাটছে বাংলাদেশ সচিবালয় সংলগ্ন ওভারব্রিজের ওপর।

চরম অর্থকষ্টে পড়েছেন তিনি। সর্বশেষ নিজের ব্যবহৃত একটি বাটন ফোন ৪০০ টাকায় বিক্রি করে খাবার জোগাড় করেছেন। বর্তমানে তার কাছে কোনো অর্থ নেই, এমনকি দিনের খাবারও অনিশ্চিত।

সোমবার সকালে তিনি ঢাকার একটি অফিসে গিয়ে বসে থাকেন। পরে অফিসের এক ব্যক্তি তাকে নাস্তার ব্যবস্থা করে দিলে তার জীবনের এই করুণ কাহিনি সামনে আসে।

এ ধরনের ঘটনা যে নতুন নয়, তা জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের বহু প্রবাসীই দেশে ফিরে সম্পত্তি সংক্রান্ত প্রতারণা ও পারিবারিক বিরোধের শিকার হন। অথচ তারাই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

প্রবাসীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 8   +   7   =