সন্তানের মুখে খাবার তুলে দিল ক্ষুধার্ত মা বানর: মাধবপুরের এক মানবিক দৃশ্য

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

বুকের সঙ্গে পরম মমতায় আঁকড়ে ধরা ছোট্ট সন্তান। বন থেকে লোকালয়ে বেরিয়ে আসা মা বানরটি ক্ষুধায় ভীষণ কাতর। ক্লান্ত-পরিশ্রান্ত শরীর নিয়ে মা ও সন্তান চুপচাপ বসে আছে রাস্তার পাশে। চারপাশের মানুষের ভিড়, যানবাহনের শোরগোল—কোনো কিছুতেই যেন তাদের ভ্রুক্ষেপ নেই। অসহায় দুটি চোখের একটাই অপেক্ষা, যদি কেউ একটু খাবার বাড়িয়ে দেয়।

সোমবার (১৩ জুলাই) হবিগঞ্জের মাধবপুর থানা সড়কের ডাকঘরের সীমানাপ্রাচীরের ওপর দেখা মেলে এমনই এক হৃদয়স্পর্শী দৃশ্যের। বন ছেড়ে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা মা বানরটি যখন তার ছানাটিকে বুকে জড়িয়ে বসে ছিল, তখন ছোট্ট বাচ্চাটিও মায়ের বুক আঁকড়ে ধরে পথচারীদের দিকে তাকাচ্ছিল। এই দৃশ্য দেখে থমকে দাঁড়ান অনেক পথচারী।

পথচারীদের মানবিকতায় মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। প্রথমে এক পঞ্চাশোর্ধ্ব নারী পাশের দোকান থেকে দুটি কলা কিনে এনে বানরটির দিকে বাড়িয়ে দেন। এরপর আরেক পথচারী এগিয়ে আসেন পাউরুটি নিয়ে। বন্য স্বভাবের হলেও মা বানরটি মানুষের উপস্থিতিতে ভয় না পেয়ে ধীরে ধীরে কাছে আসে এবং হাত বাড়িয়ে খাবারগুলো গ্রহণ করে।

সবচেয়ে আবেগঘন মুহূর্তটি তৈরি হয় তখন, যখন মা বানরটি নিজে ক্ষুধার্ত থাকা সত্ত্বেও প্রথমে এক ফোঁটা খাবারও নিজের মুখে তোলেনি। পরম যত্নে সে আগে সন্তানের মুখে খাবার তুলে দেয়। সন্তানের খাওয়া শেষ হওয়া নিশ্চিত করার পরই কেবল নিজে খেতে শুরু করে।

মাতৃত্বের এই চিরন্তন রূপ উপস্থিত সবার মন ছুঁয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলছিলেন, ভালোবাসা, মমতা আর সন্তানের প্রতি মায়ের টান—এর ভাষা মানুষ ও প্রাণী উভয়ের ক্ষেত্রেই সমান।

এই বিষয়ে স্থানীয় পথচারী আব্দুল আহাদ বলেন, “দৃশ্যটি দেখে একদিকে যেমন ভালো লেগেছে, অন্যদিকে খুব কষ্টও লেগেছে। বন উজাড় হয়ে যাওয়ার কারণে বন্য প্রাণীরা আজ খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসতে বাধ্য হচ্ছে। মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই এই অবলা প্রাণীদের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হওয়া উচিত।”

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 9   +   10   =