সকালে ঘুম থেকে উঠেই বুকে ব্যথা? অবহেলা হতে পারে প্রাণঘাতী

স্বাস্থ্য ডেস্ক | দৈনিক পূর্বাচল

ঢাকা, ১০ জুন ২০২৬

সকালে ঘুম ভাঙার পর হঠাৎ বুকে ব্যথা অনেকের মধ্যেই তীব্র উদ্বেগ তৈরি করে। কখনো এটি সাধারণ হজমের সমস্যা বা মানসিক চাপের কারণে হতে পারে, আবার কখনো এটি হৃদযন্ত্র বা ফুসফুসের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের জটিল সমস্যার সংকেতও হতে পারে। চিকিৎসকদের মতে, বুকব্যথাকে কখনোই অবহেলা করা উচিত নয়—বিশেষ করে যদি তা দীর্ঘ সময় স্থায়ী হয় বা অন্যান্য উপসর্গের সঙ্গে দেখা দেয়।

অনেক সময় গ্যাস বা অ্যাসিডিটির কারণে বুকজ্বালা ও চাপধরার মতো ব্যথা অনুভূত হতে পারে। তবে একই ধরনের উপসর্গ হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও দেখা যায়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ঘুম থেকে উঠে বুকব্যথা হওয়ার প্রধান কারণগুলোকে বিশেষজ্ঞরা মূলত কয়েকটি ভাগে ভাগ করেছেন:

১. হৃদযন্ত্রজনিত সম্ভাব্য কারণ

  • হার্ট অ্যাটাক: হৃদপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনি হঠাৎ বন্ধ হয়ে গেলে বুকের মাঝখানে তীব্র চাপ বা ভারী ব্যথার অনুভূতি তৈরি হয়।

  • অ্যাঞ্জাইনা: হৃদপিণ্ডে রক্তপ্রবাহ কমে গেলে বুকব্যথা দেখা দেয়, বিশেষ করে পরিশ্রম বা মানসিক চাপের সময়।

  • পেশির প্রদাহ: পেরিকার্ডাইটিস ও মায়োকার্ডাইটিসের মতো জটিলতায় হৃদপিণ্ডের আবরণ বা পেশিতে প্রদাহ হলে শ্বাস নেওয়া বা শোয়ার সময় ব্যথা বাড়তে পারে।

  • অ্যাওর্টিক ডিসেকশন: হৃদপিণ্ড থেকে বের হওয়া প্রধান ধমনির ভেতরের স্তর ছিঁড়ে গেলে তীব্র বুকব্যথা শুরু হয়। দ্রুত চিকিৎসা না পেলে এটি সরাসরি প্রাণহানির কারণ হতে পারে।

২. ফুসফুসজনিত কারণ

  • পালমোনারি এম্বোলিজম: ফুসফুসের ধমনীতে রক্ত জমাট বাঁধলে হঠাৎ তীব্র বুকব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে, যা একটি জরুরি চিকিৎসাগত পরিস্থিতি।

  • প্লুরিসি: ফুসফুসের আবরণে প্রদাহ হলে শ্বাস নেওয়া বা কাশির সময় বুকে ব্যথা বাড়ে।

  • এ ছাড়া পালমোনারি হাইপারটেনশন, ফুসফুসের ক্যানসার কিংবা ফুসফুস ধসে যাওয়ার (Collasped lung) মতো জটিল অবস্থাতেও বুকব্যথা দেখা দিতে পারে।

৩. হজমজনিত ও অন্যান্য কারণ

  • অ্যাসিড রিফ্লাক্স: পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালিতে উঠে এসে তীব্র বুকজ্বালার অনুভূতি তৈরি করতে পারে।

  • পিত্তথলি বা অগ্ন্যাশয়ের সমস্যা: খাবার গিলতে সমস্যা (ডিসফ্যাজিয়া), অগ্ন্যাশয়ের প্রদাহ (প্যানক্রিয়াটাইটিস) কিংবা পিত্তথলিতে পাথর থাকলেও ব্যথা বুক পর্যন্ত ছড়িয়ে যেতে পারে।

  • পেশির টান ও প্যানিক অ্যাটাক: পাঁজরের সংযোগস্থলের প্রদাহ (কস্টোকন্ড্রাইটিস), তীব্র মানসিক চাপ বা প্যানিক অ্যাটাক এবং বুকের পেশিতে টানের কারণেও বুকব্যথা হতে পারে।

কখন দ্রুত হাসপাতালে যাবেন?

বিশেষজ্ঞদের মতে, বুকব্যথা যদি কয়েক মিনিটের বেশি স্থায়ী হয়, ব্যথার সাথে তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়, কিংবা সেই ব্যথা যদি হাত, ঘাড়, পিঠ বা চোয়ালে ছড়িয়ে পড়ে, তবে এক মুহূর্তও দেরি না করে রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যেতে হবে।

চিকিৎসকদের স্পষ্ট সতর্কতা হলো—বুকব্যথা সবসময় সাধারণ গ্যাসের সমস্যা নাও হতে পারে। এটি হার্ট অ্যাটাক বা ফুসফুসে রক্ত জমাট বাঁধার মতো প্রাণঘাতী অবস্থার প্রথম সংকেত হতে পারে। তাই ঘুম থেকে উঠে বুকে কোনো ধরনের অস্বস্তি বা ব্যথা অনুভব করলে নিজে নিজে গ্যাসের ওষুধ খেয়ে বসে না থেকে, দ্রুত সঠিক কারণ নির্ণয় ও চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 8   +   9   =