রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবাসন প্রকল্প কর্তৃক খাল ও রেকর্ডকৃত গ্রামীণ রাস্তা দখল এবং জলাবদ্ধতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে মুশুরি বৈরাগবাড়ি এলাকাবাসী।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুশুরি বৈরাগবাড়ি এলাকার বেদখল হওয়া খাল ও রেকর্ডকৃত রাস্তা উদ্ধার এবং নিজেদের পৈতৃক বসতভিটা রক্ষার দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
আজ ২৭ জুন (শনিবার) রূপগঞ্জ-মুশুরি-ইছাপুরা সড়কে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় ছাত্র-ছাত্রী, নারী-পুরুষসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
আবাসন প্রকল্পের গ্রাসে বিলীন হচ্ছে গ্রাম
মুশুরি বৈরাগবাড়ি মসজিদের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান।
সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মুশুরি বৈরাগবাড়ি এলাকার ঐতিহাসিক সাহাপুর-মুশুরি-বৈরাগবাড়ি খালটি সম্পূর্ণ বেদখল হয়ে গেছে। শুধু তাই নয়, মুশুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়-ছৈয়ালবাড়ি-বৈরাগবাড়ি সরকারি হালট গ্রামীণ রাস্তাটিও আবাসন কোম্পানি বালি ভরাট করে নিজেদের দখলে নিয়েছে। এছাড়া রূপগঞ্জ-বাঘবের সড়কের মুশুরি থেকে বৈরাগবাড়ি পর্যন্ত পাকা রাস্তার অধিকাংশ এলাকাই বালু ভরাট করে গিলে খেয়েছে আবাসন প্রকল্প।
“জীবন দেব, তবুও বসতভিটা ছাড়ব না”
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আবাসন প্রকল্প এখন পুরো মুশুরি বৈরাগবাড়ি গ্রাম গিলে খাচ্ছে। আমরা আমাদের পৈতৃক ভিটেমাটি কোনোভাবেই হারাতে দেব না। জীবন দিতে রাজি আছি, তবুও নিজেদের বসতভিটা ছাড়ব না।”
তারা অবিলম্বে আবাসন প্রকল্পের এই আগ্রাসন থেকে বৈরাগবাড়ি গ্রামকে রক্ষা এবং কৃত্রিমভাবে সৃষ্ট তীব্র জলাবদ্ধতা নিরসনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে আলটিমেটাম দেন স্থানীয়রা।
সভায় অন্যান্য বক্তারা
আয়োজিত প্রতিবাদ সভায় স্থানীয়দের মধ্যে আরও বক্তব্য রাখেন মুশুরি গ্রামের বাসিন্দা আব্দুল মতিন, আব্দুল রউফ, পারভেজ আহমেদ, মনির মুন্সী, জাকারিয়া, সুজন মিয়া, নুরুল হক, তারাজ উদ্দিন, ইসলাম উদ্দিন, লোকমান হোসেন, জুলহাস মিয়া, দিনু মিয়া, তোতা মিয়া, তরিকুল ইসলাম, গোলজার হোসেন, রিফাত আহমেদ প্রমুখ।

