যুক্তরাষ্ট্রেই পালিত হয় না মে দিবস, নেপথ্যে কী

বিশ্বের অধিকাংশ দেশে পহেলা মে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে সাড়ম্বরে পালিত হলেও, আধুনিক পুঁজিবাদের চারণভূমি যুক্তরাষ্ট্রে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। সেখানে শ্রমিকদের সম্মানে জাতীয় ছুটি পালিত হয় প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সোমবার। তবে পহেলা মে-কে এড়িয়ে যাওয়ার এই সিদ্ধান্ত কোনো কাকতালীয় বিষয় ছিল না; বরং এটি ছিল শ্রমিক আন্দোলনের বৈপ্লবিক চেতনা ও পুঁজিবাদবিরোধী সংগ্রামকে ম্লান করার এক সুদূরপ্রসারী রাজনৈতিক কৌশল।

 

ঊনবিংশ শতাব্দীর শেষভাগে যুক্তরাষ্ট্র যখন অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নতির শিখরে পৌঁছাচ্ছিল, তখন সাধারণ শ্রমিকদের জীবন ছিল চরম শোষণে জর্জরিত। মুনাফালোভী শিল্পপতিরা নামমাত্র মজুরিতে দীর্ঘ সময় কাজ করিয়ে নিতেন। এই অন্যায়ের প্রতিবাদে ১৮৬৯ সালে ‘নাইটস অব লেবার’-এর মতো শক্তিশালী ইউনিয়ন গড়ে ওঠে। কিন্তু শ্রমিকদের দমাতে মালিকপক্ষ ‘পিঙ্কারটন’ নামক ব্যক্তিগত সশস্ত্র গোয়েন্দা বাহিনী নিয়োগ করলে পুঁজি ও শ্রমের সংঘাত রক্তক্ষয়ী রূপ নেয়।

১৮৮৬ সালের মে মাসে আট ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে দেশজুড়ে আন্দোলন তীব্র হয়। শিকাগো শহরে ৩ মে পুলিশের গুলিতে চার শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে ৪ মে হে-মার্কেট স্কয়ারে আয়োজিত সমাবেশে বোমা বিস্ফোরণ ও পুলিশের গুলিবর্ষণে বহু মানুষ হতাহত হন। বিনা প্রমাণে আটজন শ্রমিক নেতাকে বিচারের মুখোমুখি করে চারজনকে ফাঁসি দেওয়া হয়। এই আত্মত্যাগই বিশ্বজুড়ে পহেলা মে-কে শ্রমিকদের প্রতীকে পরিণত করে। তবে মার্কিন সরকার এই তারিখের সঙ্গে জড়িয়ে থাকা ‘বিপ্লবী’ ভাবমূর্তিকে বিপজ্জনক মনে করতে থাকে।

১৮৯০-এর দশকে শিল্পপতি জর্জ এম. পুলম্যানের ‘কোম্পানি টাউন’-এ শ্রমিকের মজুরি কমিয়ে ঘরভাড়া বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে ১৮৯৪ সালে ঐতিহাসিক ‘পুলম্যান স্ট্রাইক’ শুরু হয়। প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড সামরিক বাহিনী পাঠিয়ে এই ধর্মঘট ভেঙে দেন এবং ইউনিয়ন নেতাদের কারারুদ্ধ করেন। এই ঘটনার পর শ্রমিকদের শান্ত করতে একটি জাতীয় ছুটির প্রয়োজনীয়তা দেখা দেয়।

পুলম্যান স্ট্রাইক দমনের পর প্রেসিডেন্ট ক্লিভল্যান্ড মে মাসের আন্তর্জাতিক শ্রমিক দিবসের বৈপ্লবিক চেতনা থেকে আমেরিকানদের দূরে রাখতে একটি কৌশল অবলম্বন করেন। তিনি পহেলা মে-র পরিবর্তে ১৮৯৪ সালে সেপ্টেম্বরের প্রথম সোমবারকে কেন্দ্রীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করার বিলে স্বাক্ষর করেন।

মূলত পহেলা মে-র উগ্র বা বিপ্লবী ইতিহাস যাতে সাধারণ শ্রমিকদের মধ্যে বিদ্রোহের উদ্দীপনা না জাগায়, সেজন্যই সরকার পহেলা মে-কে পাশ কাটিয়ে সেপ্টেম্বরের শান্ত ও অরাজনৈতিক দিনটিকে বেছে নেয়। আজও আমেরিকায় সেপ্টেম্বর মাসে ‘লেবার ডে’ পালন করা হলেও, সাধারণ মানুষের কাছে দিনটি এখন কেবল একটি ছুটির দিন হিসেবেই পরিচিত।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 9   +   6   =