ঢাকা: গ্রাহকদের দীর্ঘদিনের ক্ষোভ ও দুর্ভোগের অবসান ঘটিয়ে বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মিডিয়া সেলের পোস্টে বলা হয়, বিএনপি সরকারের ১০০ দিনের কর্মসূচির অংশ হিসেবে জনদুর্ভোগ লাঘব এবং সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করতে এই প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ সম্পূর্ণ প্রত্যাহার করা হলো।
এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে জানিয়েছিলেন যে, প্রিপেইড মিটারে গ্রাহকদের ওপর বাড়তি চাপ তৈরি করা মাসিক ভাড়া বা মিটার চার্জ দ্রুতই প্রত্যাহার করে নেওয়া হবে। মন্ত্রীর সেই প্রতিশ্রুতির আলোকেই আজ এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলো।
উল্লেখ্য, এতদিন প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজের জন্য মিটার ভাড়া বাবদ ৪০ টাকা গুনতে হতো। এর সঙ্গে যুক্ত হতো অতিরিক্ত আরও ৫ শতাংশ ভ্যাট। প্রতি মাসে এই বাড়তি টাকা কেটে নেওয়ার কারণে সারা দেশের সাধারণ গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে গ্রাহকদের সেই বাড়তি খরচের বোঝা থেকে মুক্তি মিলল।

