বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে খলনায়ক চরিত্রের কথা উঠলেই যে নামটি সবার আগে মনে পড়ে, তিনি ওয়াসিমুল বারী রাজীব। শক্তিশালী অভিনয়, গম্ভীর কণ্ঠস্বর ও স্বতন্ত্র উপস্থিতির মাধ্যমে তিনি দর্শকদের মনে তৈরি করেছিলেন এক ভিন্ন মাত্রা।
১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালীতে জন্ম নেওয়া রাজীব কাজী হায়াৎ পরিচালিত ‘খোকন সোনা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন। এরপর ‘হেদাতি’, ‘রাক্ষস’, ‘সন্ত্রাস’সহ অসংখ্য চলচ্চিত্রে খলনায়ক হিসেবে অভিনয় করে হয়ে ওঠেন সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা।
প্রায় চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা এই গুণী শিল্পী তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ খলনায়ক হিসেবে সম্মানিত হন। খল চরিত্রের পাশাপাশি ভিন্নধর্মী ভূমিকায় অভিনয় করেও তিনি নিজের বহুমাত্রিকতা প্রমাণ করেছেন।
শুধু অভিনয়েই নয়, চলচ্চিত্র উন্নয়নেও তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যান্সারের কাছে হার মানলেও রাজীবের স্মৃতি আজও অমলিন। বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের এই শক্তিমান অভিনেতা এখনো দর্শকের মনে বেঁচে আছেন তার অনবদ্য অভিনয়ের মাধ্যমে।


