নৌ-অবরোধ ভেঙে ইরানে ফিরলো ৩টি ট্যাংকার

যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ-অবরোধ ভেঙে নিজ দেশে ফিরে গেছে ইরানের তিনটি খালি তেলের ট্যাংকার। ট্যাংকার দুটিকে স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে।

 

শুক্রবার (৮ মে) এ তথ্য জানিয়েছে ট্রেকিং ওয়েবসাইট ট্র্যাংকার ট্রেকার্স। তারা বলছে, গত দুইদিনে পাকিস্তানের বিশেষ অর্থনৈতিক জোন দিয়ে ট্যাংকারগুলো ইরানে ফিরেছে।

এদিকে, হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে বের করে নিতে রোববার ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দুদিন পেরোতেই সিদ্ধান্ত বদল করেন তিনি। কারণ হিসেবে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে তাদের আলোচনায় অগ্রগতি হয়েছে।

তবে বৃহস্পতিবার জানা যায়, যুক্তরাষ্ট্রকে এ অভিযানের জন্য নিজেদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি সৌদি আরব ও কুয়েত। এতে ট্রাম্প এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

তবে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি ও কুয়েত। ফলে আবারও প্রজেক্ট ফ্রিডম চালুর দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই আবারও অভিযান শুরুর সম্ভাবনা আছে।

রোববার যখন ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম অভিযান শুরুর ঘোষণা দেন তখন বিষয়টি আরব দেশগুলোকে অবাক করে। কারণ তাদের সঙ্গে এ ব্যাপারে মার্কিন সরকার কোনো ধরনের আলোচনাই করেনি। এরপর সৌদি ও কুয়েত যুক্তরাষ্ট্রকে জানায়, এ অভিযানের জন্য তারা তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে দেবে না।

এরপর সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করেন ট্রাম্প। কিন্তু তারা দুজন এ নিয়ে একমত হতে পারেননি।

সূত্র: আলজাজিরা

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 7   +   1   =