দ্বিতীয়বার বাবা হলেন ব্যাচেলর

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা চাষী আলম। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে হাবু ভাই চরিত্রে অভিনয় করে দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এ নামেই তাকে বেশি চেনেন সবাই। অভিনেতার জীবনে এলো সুসংবাদ। বুধবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী তুলতুল ইসলাম। সংবাদমাধ্যমকে এ তথ্য নিজেই জানিয়েছেন অভিনেতা।

 

তার ঘর আলো করে ফুটফুটে এক পুত্রসন্তান জন্ম নিয়েছে। তিন বছর আগে ২০২৩ সালে বিয়ে করা চাষী আলমের এটি দ্বিতীয় সন্তান।

এ অভিনেতা বলেন, বুধবার রাত পৌনে ৯টার দিকে কাফরুল হাইটেক মাল্টিকেয়ার পার্ক হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন আমার স্ত্রী। নবজাতক ও মা দু’জনই ভালো আছেন। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য।

যদিও এখনো নবজাতকের কোনো ছবি প্রকাশ করেননি অভিনেতা, তবে খবরটি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

এর আগে, ২০২৪ সালের ১০ জুলাই প্রথমবারের মতো বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন অভিনেতা। সেবারও তার ঘর আলো করে এসেছিল এক পুত্রসন্তান। ২০২৩ সালের ২৫ আগস্ট ঢাকার মেয়ে তুলতুলের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন চাষী আলম।

চাষী আলম ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। তবে মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে তিনি আলোচিত হয়েছেন। তার অভিনীত বেশ কয়েকটি নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল। চাষী অভিনীত কাজল আরেফিন অমি নির্মিত ‘কিডনি’ ও ‘ফিমেল’ নাটক ব্যাপক প্রশংসিত হয়েছে।

সেই ধারাবাহিকতায় আসছে ঈদেও বেশ কিছু নাটক ও ওটিটির কন্টেন্টে দেখা যাবে চাষী আলমকে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 1   +   4   =