মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাব পড়েছে বলিউডে। নিরাপত্তার কারণে দুবাইয়ে বন্ধ হয়ে গেল শাহরুখ খানের ‘কিং’ সিনেমার শুটিং। দুবাই আউটডোর লোকেশনের বদলে এখন মুম্বাইয়ের স্টুডিওতেই তৈরি হচ্ছে মরুভূমি। জানা গেছে, গত প্রায় দুই বছর ধরে ‘কিং’ সিনেমার শুটিং চলছে। লন্ডনে এরই মধ্যে সিনেমার একটি বড় অংশের কাজ শেষ হয়েছে। ৯ এপ্রিল থেকে দুবাইয়ের মরুভূমিতে শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির করণে শুটিং সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।
নির্মাতাদের দাবি, শুটিং সেটের কারিশমায়, পর্দার স্কেল বা ভিশনে কোনো কমতি হবে না। ইনডোর শুটিং হওয়ায় অ্যাকশন কোরিওগ্রাফি আর লাইটিংয়ের ওপর নিয়ন্ত্রণ থাকবে আরও নিখুঁত।
‘কিং’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের। ইতোমধ্যে তাঁদের দুইজনের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। যা নজর কেড়েছে ভক্তদের। জানা গেছে, একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ, যে তার শিষ্যকে প্রশিক্ষণ দিচ্ছে। আর সেই শিষ্যের ভূমিকায় দেখা যাবে সুহানাকে। বাবা-মেয়ের যুগলবন্দি দেখতে মুখিয়ে দর্শকরা।


