তনু হত্যা মামলা: সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমান কারাগারে

ডেইলি পূর্বাচল | ২৬ এপ্রিল ২০২৬

 

বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা (অব.) হাফিজুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আমান এ আদেশ দেন। এর আগে তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।

তদন্ত সংস্থা পিবিআই সূত্রে জানা গেছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে, যা বর্তমানে যাচাইবাছাই করা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, রিমান্ডে আসামিকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা সম্ভব নয়। এছাড়া তার ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হাফিজুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে পিবিআইয়ের একটি দল অভিযান চালিয়ে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। প্রায় এক দশক পর এই মামলায় এটি প্রথম কোনো গ্রেপ্তার, যা নতুন করে আলোচনায় এনেছে তনু হত্যাকাণ্ডকে।

তদন্ত সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চান। আদালতের নির্দেশনার পর তদন্তে গতি আসে এবং পরবর্তীতে গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালে সংঘটিত এই হত্যাকাণ্ডের পর থেকে মামলাটি দীর্ঘদিন ধরে বিচারপ্রক্রিয়ায় রয়েছে। এ পর্যন্ত চারটি সংস্থার সাতজন তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন। ইতোমধ্যে অন্তত ৮০টি ধার্য তারিখ পার হলেও মামলার মূল রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

রিপোর্টটি করেছেন: সোহেল হাওলাদার, নির্বাহী সম্পাদক, ডেইলি পূর্বাচল

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 5   +   3   =